২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাড়ির পুকুরে ভাসছিল এক ব্যক্তির লাশ

নিহত হানিফের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 11:10 AM

Updated : 26 Aug 2026, 09:36 AM

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চিতলমারী থানার ওসি ইকরাম হোসেন জানান, সোমবার সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রাম থেকে হানিফ শেখের লাশটি উদ্ধার করেন তারা।

মৃত ৫০ বছর বয়সী হানিফ ওই গ্রামের রোয়ার শেখের ছেলে; তিনি পেশায় মাংস ব্যবসায়ী ছিলেন।

হানিফের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “স্থানীয় লোকজন বাড়ির পুকুরে হানিফের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“তিনি পরিবার নিয়ে পাশের পিরোজপুরের নাজিরপুরে থাকতেন। হানিফ কখন তার গ্রামের বাড়িতে এসেছিলেন তা কেউ বলতে পারছে না।”

হানিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেছেন, কীভাবে তার মৃত্যু হল, তা তদন্ত করা হবে। আপাতত ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপক্ষো করছেন তারা।