নেত্রকোণায় রাস্তার পাশে পড়েছিল অটোরিকশা চালকের লাশ
শুক্রবার বিকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি ওই চালক।
নেত্রকোণার মদনে রাস্তার পাশে পড়ে থাকা ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান।
নিহত চালক জসিম উদ্দিন (৪৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোণা গ্রামের প্রয়াত জাফর খানের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলার টেঙ্গুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ নাহিদ হাসান, জসিম উদ্দিন প্রতিদিনের মত শুক্রবার বিকালে টেঙ্গুরিয়া গ্রাম থেকে অটোরিকশা নিয়ে বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী বাজারের পাশে একটি অটোরিকশা দেখতে পান স্থানীয় লোকজন।
রিকশাটির পাশে কোনো লোক না থাকায় স্থানীয়রা যানটি তাদের হেফাজতে রেখে মালিকের সন্ধান করেন।
পরে দুপুরের দিকে পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে মরহেদটি দেখতে পান স্থানীয়রা।
তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা গিয়ে জসিম উদ্দিনের লাশ শনাক্ত করেন।
তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে ওসি বলেন, “এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
