২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

প্রশিক্ষণে ৭০ শতাংশ নম্বর ছাড়া ঢাবি শিক্ষকদের পদোন্নতি নয়: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ১৪ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন অধ্যাপক মাকসুদ কামাল।

প্রশিক্ষণে ৭০ শতাংশ নম্বর ছাড়া ঢাবি শিক্ষকদের পদোন্নতি নয়: উপাচার্য
কুমিল্লার বার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য মাকসুদ কামাল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:11 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রভাষক থেকে পদোন্নতি পেতে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি ৭০ শতাংশ নম্বর পেতে হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আ স ম মাকসুদ কামাল।

শুক্রবার সকালে কুমিল্লার কোটবাড়িতে প্রথম বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ১৪ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ প্রশিক্ষণে ৪৮টি বিভাগ থেকে ৫৮ নবীন শিক্ষক অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির (কিউএসি) চেয়ারম্যান মাকসুদ কামাল বলেন, “নতুন প্রভাষকরা ৭০ শতাংশ নম্বরের শর্ত পূরণে ব্যর্থ হলে পদোন্নতি দেওয়া হবে না। বছরে দুইবার এই প্রশিক্ষণ হবে।”

নবীন শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, “যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিন। কারণ এ দেশের মানুষের টাকায় আপনাদের প্রশিক্ষণ হচ্ছে। এসব প্রশিক্ষণে অনেক অর্থ ব্যয় হয়।”

প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (সংস্কৃতি) প্রফেসর শীতেষ চন্দ্র বাচার, কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এবং কুমিল্লা বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উদ্বোধন পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর শবিতা রেজওয়ান রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর হাসিনা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর এ কে আজাদ চৌধুরী বক্তব্য দেন।