২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, এক তরুণ নিহত

পুলিশ জানায়, উভয় পক্ষ একে অপরের দিকে ২০/২৫টি গুলি ছুড়ে।

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, এক তরুণ নিহত

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 01:17 PM

Updated : 19 Jun 2023, 01:17 PM

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুপক্ষের গোলাগুলিতে এক তরুণ নিহত হয়েছেন। 

সোমবার সকাল ১০টার দিকে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান। 

নিহত ইমান হোসেন (১৮) উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা শিবিরের সিরাজ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার সকাল ৮টার দিকে ওই শিবিরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন-আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষ একে অপরের দিকে ২০/২৫টি গুলি ছুড়ে। 

এ সময় আরএসও সদস্য ইমান হোসেন গুলিবিদ্ধ হন। পরে অন্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে শিবিরের আইএমও হাসপাতালে নিয়ে যান। সেখানে ইমান হোসেনের মৃত্যু হয়। 

মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।