২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানায়।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2022, 10:31 AM

Updated : 12 Sep 2022, 11:01 AM

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

সোমবার ভোরে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের ১১ মাইল এলাকায় এবং সকাল ৯টার দিকে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান।

মৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের বাসিন্দা বারিক দফাদারের ছেলে গাফ্ফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার (৪০) ও জাহিদ (৩২)।

মৃত আরেকজন ট্রাকচালকের সহকারী বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ইদ্রিস বলেন, সবজি চাষি গাফ্ফার, সানোয়ার ও জাহিদ একটি ভ্যানে করে পাতাকফি নিয়ে রাজবাড়ি যাচ্ছিলেন। তারা আলাউদ্দিন নগরে পৌঁছালে নির্মাণ শ্রমিকদের বহনকারী অপর একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই ভ্যানে ধাক্কা দেয়।

“এ সময় সবজি বোঝাই ভ্যান ও ভটভটি উল্টে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন ভ্যান আরোহীর মৃত্যু হয়।”

ওই একই সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী অপর একটি সিমেন্ট বোঝাই ট্রাক দ্রুতগতিতে আসছিল। চালক সামনে দুর্ঘটনা কবলিত গাড়ি দেখে নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশের একটি খাদে উল্টে যায়।

এতে ভটভটি আরোহী নয় শ্রমিক, ভ্যানের একজন এবং ট্রাকের চালক ও চালকের দুইজন সহকারী গুরুতর আহত হয় বলে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।

পরে আহত সবাইকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১১ মাইল এলাকায় ঝিনাইদহমুখী দ্রুতগতির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

“এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সহকারী ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।” বলেন ওসি ইদ্রিস।

ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপতালের মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।