২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়া ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 10:34 PM

Updated : 29 Dec 2023, 10:42 PM

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ১৫ নম্বর জামতলী ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।

নিহত দিল মোহাম্মদ (২৮) ওই ক্যাম্পের ই-ব্লকের আবুল হাশিমের পুত্র।

ক্যাম্পের অন্য রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি শামীম হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০/১২ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী জামতলী ক্যাম্পের ই-ব্লকের রাস্তার মাথায় দিল মোহাম্মদকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়।

পরে অন্য রোহিঙ্গারা উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিল মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান শামীম হোসেন।

পুলিশের ওসি আরও জানান, ঘটনার পরপরই জামতলী ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।

ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড  ঘটিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।