গাইবান্ধায় ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ১
গ্রেপ্তার রানার বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গাইবান্ধা সদরে একটি ওয়ান শুটার গান ও একটি গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান।
গ্রেপ্তার মাসুদ রানা (৪৩) সদর উপজেলার উত্তর গিদারী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামাল বলেন, গোপন খবর পেয়ে নারায়ণপুর গ্রামের মারুফ মিয়ার বাড়ির সামনের সড়ক থেকে মোটরসাইকেলসহ মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে শপিং ব্যাগে পেঁচানো গুলিসহ দেশে তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয় বলে তিনি জানান।
গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে। রানার বিরুদ্ধে সদর থানায় আগেরও দুটি মামলা রয়েছে।
