কুমিল্লায় বিছানায় মেয়ের লাশ, মা ঝুলছিল ফ্যানে
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।
কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে মা ও চার বছর বয়সি মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন জানান।
একই থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ গিয়ে ঘরের বিছানায় গলায় তার পেঁচানো শিশুর মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পাশেই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলছিল শিশুটির মায়ের মরদেহ।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।
নিহত গৃহবধূ জান্নাত আক্তার (২৪) ওই গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী আবুল কালামের স্ত্রী। তাদের চার বছর বয়সী শিশুটির নাম হাজেরা আক্তার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হক জানান, গোপীনাথপুর গ্রামের মাঝিবাড়ির মো. শাহজাহানের ছেলে সিংগাপুর প্রবাসী আবুল কালামের সঙ্গে ৫ বছর আগে একই উপজেলার বারেশ্বর গ্রামের মো. মোস্তাফার মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের মেয়ে হাজেরা আক্তারের জন্ম হয়। আবুল কালাম ছুটি শেষ করে সিংগাপুর চলে যান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য আরও বলেন, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জান্নাত তার শিশু সন্তানকে নিয়ে নিজের কক্ষে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ঘরের দরজায় গিয়ে ডাকেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য লোকজনকে ডেকে আনেন। স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ দুটি দেখতে পেয়ে বুড়িচং থানায় খবর দেন।
জান্নাতের মা সাহেনা বেগম বলেন, “আমার ছোট মেয়ের কাছ থেকে জানতে পেয়ে গোপীনাথপুরে আসি। এখানে এসে শুনি, আমার মেয়ে তিনদিন ধরে ভাত খায়নি। কী নিয়ে ঝগড়া তা-ও বলতে পারছি না। শ্বশুরবাড়ির কোনো লোক আমাদের খবর দেয়নি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
গৃহবধূর শ্বশুর মো. শাহজাহান বলেন, “সকালে ঘুম থেকে না ওঠায় আমি ডাক দিতে যাই। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, খাটে নাতনি ও আড়ায় ঝুলে আছে জান্নাত।”
স্থানীয় পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, বুধবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় ওই গৃহবধূর।”
ওসি ইসমাইল হোসেন বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
