কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তিন আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিমনগর রোডে যাচ্ছিলেন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান।
নিহতরা হলেন, উলিপুর পৌর শহরের সরদারপাড়ার শের আলীর ছেলে মনিরুজ্জামান পাভেল (৩১) ও উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার হোসেন আলী (৩৪)।
এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী পৌরশহরের হায়াৎখাঁ এলাকার বাসিন্দা মারজান (২৮) রংপুর হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজনদের বরাতে ওসি আব্দুল্লা জানান, পাভেলসহ তিন আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিমনগর রোডে যাচ্ছিলেন।
“বৈদ্যের বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় হোসেন আলী মারা যান। “
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
