টাঙ্গাইলে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত
পুলিশ জানায়, দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন; হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।
রোববার বিকালে গোড়াই-সখীপুর সড়কে উপজেলার তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি রেজাউল করিম জানান।
নিহতরা হলেন- উপজেলার গাইড়া বেতিল গ্রামের মঈন উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (৪০), তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০) এবং তেলিপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল (৩৫)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
ওসি রেজাউল করিম বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
