খুলনায় `নিখোঁজ' মায়ের সন্ধান চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন
রাত সাড়ে ১০টার দিকে টিউবওয়েল থেকে পানি আনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রহিমা খাতুন।
খুলনায় মায়ের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ৫৫ বছর বয়সী নিখোঁজ নারীর পরিবার।
নিখোঁজ রহিমা খাতুন খুলনার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশার উত্তর বানিকপাড়ার বাসিন্দা।
দৌলতপুর থানার উপপরিদর্শক লুৎফুল হায়দার জানান, ওই নারীর মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার নথির বরাতে লুৎফুল হায়দার জানান, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে টিউবওয়েল থেকে পানি আনতে বাসা থেকে বের হন রহিমা।
এরপর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও পায়নি।
নিখোঁজ নারীর সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমা খাতুনের মেয়ে মরিয়ম খাতুন বলেন, “প্রতিবেশীদের সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে মামলা আছে। ওই মামলার বাদী ছিলেন আমার মা।”
“কয়েকদিন আগে আমাদের বাড়িতে হামলা হয়। হামলায় ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চলে। এ সময় দুর্বৃত্তরা আমার মা ও এক বোনকে মারধর করে। এ ঘটনায় আমার মা বাদী হয়ে আরও একটি মামলা করেন।”
