২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় খালে বৃদ্ধের মরদেহ, ফেইসবুকে খবর পেয়ে শনাক্ত স্বজনদের

এলাকার কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা দেখে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

বরগুনায় খালে বৃদ্ধের মরদেহ, ফেইসবুকে খবর পেয়ে শনাক্ত স্বজনদের

বরগুনার পাথরঘাটা থানা।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 01:44 PM

Updated : 16 Aug 2023, 04:05 PM

বরগুনার পাথরঘাটা উপজেলার খাল‌ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জানতে পেরে তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন একটি খাল‌ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান পাথরঘাটা থানার এসআই আ. জলিল।

নিহত নজরুল ইসলাম (৬৫) পাশের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের বাসিন্দা।

রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম বলেন, “সকালে স্থানীয়রা নৌ পুলিশের জেটি সংলগ্ন খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আমাকে জানায়। তাৎক্ষণিক আমি বিষয়টি কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানায় জানাই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি এলাকায় ভিক্ষা করতেন বলে এলাকার লোকজন দেখেছে।

“তবে তার পরিচয় জানা না থাকায় এলাকার কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি পোস্ট করেন। ফেসবুকে দেখে প্রায় তিন ঘণ্টা পর তার স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।”

 

এসআই জলিল বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। তার ছেলে ফোরকান বাবার মরদেহ শনাক্ত করেন। তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।