২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা শিশুকে ‘ধর্ষণ ও হত্যা’: আদালতে আসামির স্বীকারোক্তি

পুলিশ জানায়, ধর্ষণের পর নিজেকে বাঁচাতে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটিকে হত্যা করে বলে জসিম জানিয়েছেন।

কুমিল্লা শিশুকে ‘ধর্ষণ ও হত্যা’: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লার বরুড়ায় শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে জসিম উদ্দিনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 09:28 PM

Updated : 15 Dec 2022, 09:28 PM

কুমিল্লার বরুড়া উপজেলায় দশ বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণ শেষে হত্যা’ মামলার আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।


বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে আটক জসিম উদ্দিনকে (২০) এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। একই দিন বিকালে আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

এর আগে এই আসামি পুলিশের কাছেও শিশুটিকে ধর্ষণ শেষে হত্যার কথা স্বীকার করেছেন বলে ওসি ইকবাল বাহার জানান।

গ্রেপ্তার মো.জসিম উদ্দিন (২০) বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের মনোহর আলীর ছেলে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের পূর্ব কলনীপাড়ার একটি পুকুর পাড়ের বাঁশঝাড়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর মরদেহ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুরনো খবর:

কুমিল্লায় পুকুর পাড়ে শিশুর মরদেহ, ধর্ষণের পর হত্যা বলে সন্দেহ

মেয়েটির স্বজনরা জানান, হত্যাকাণ্ডের শিকার এই মেয়ে (১০) ভাউকসার ইউনিয়নের শ্রীপুর গ্রামে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক বছর আগে। 

বুধবার পাশের গজারিয়া গ্রামের পূর্ব কলনীপাড়া এলাকায় আত্নীয়ের বাড়ি বেড়াতে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে মেয়েটি। সে স্থানীয় একটি মাদ্রসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, জসিম স্বেচ্ছায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও বুধবার রাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেন।

“জসিম পুলিশকে জানায়, বুধবার দুপুরের পর থেকে মেয়েটির পিছু নেয় সে। এরপর মেয়েটিকে  বারবার অনৈতিক কাজের প্রস্তাব দিতে থাকে; কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় তাকে জোর করে ধরে ওই পুকুর পাড়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর নিজেকে বাঁচাতে মেয়েটিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।”

ওসি ইকবাল বাহার আরও বলেন, এ ঘটনায় মেয়েটির পরিবার থানায় মামলা করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।