মেঘনার ২ ইলিশ বিক্রি হল সাড়ে ১১ হাজার টাকায়
প্রায় পাঁচ কেজি ওজনের মাছ দুটি নোয়াখালীর চেয়ারম্যান ঘাট আড়তে নিলামে তোলা হয়।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুটি ইলিশ নিলামে বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায়।
শনিবার দুপুরে প্রায় পাঁচ কেজি ওজনের মাছ দুটি চেয়ারম্যান ঘাট মৎস্য আড়তে তোলা হলে সেগুলো নিলামে কিনে নেন মাছ ব্যবসায়ী ফজল ভাণ্ডারী।
জেলেরা জানান, লক্ষ্মীপুরের রামগতির জেলে মো. বাহার উদ্দিন মেঘনা নদীতে ভোররাতে জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর সেই জাল তোলেন। এ সময় বেশ কিছু ছোট ও মাঝারি আকারের ইলিশের সঙ্গে বড় দুটি রাণী ইলিশ ধরা পড়ে।
জেলে মো. বাহার উদ্দিন বলেন, “সাগরে পোয়া মাছ পাইছি, ইলিশ পাইছি। এর মধ্যে দুইটা বড় রাণী ইলিশ পাইছি। ভালো দামে বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।”
মাছ ব্যবসায়ী ফজল ভাণ্ডারী বলেন, “আমি পাঁচ কেজি ওজনের দুটি মাছ সাড়ে ১১ হাজার টাকায় কিনেছি। ঢাকায় পার্টি আছে তাদের কাছে পাঠাবো। এই মৌসুমে এত বড় ইলিশ ধরা পড়েনি। মাছ দুটি ভালো দামে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।”
চেয়ারম্যান ঘাটের ‘আল্লার দান মৎস্য আড়তের’ মালিক ব্যবসায়ী মো. আকবর বলেন, সাগর উত্তাল থাকায় জেলেরা নৌকা নিয়ে পাড়ে অপেক্ষা করছেন। বর্তমানে মাছের আকাল রয়েছে। যার ফলে জেলে, ব্যবসায়ী, আড়তদার, শ্রমিক সবাই ঋণে জর্জরিত। কেউ মাছ পাচ্ছেন আবার কেউ কেউ পাচ্ছেন না। তবে মাছ পেলে সবার মুখে হাসি ফুটতো।
হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, প্রায়ই বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়। মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
“আমরা আশা করছি, সামনে জেলেরা সাগরে বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। যা জেলেদের মুখে হাসি ফোটাবে এবং বাজারেও সাড়া ফেলবে।”
