১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মসজিদের সিঁড়িতে পাওয়া শিশুকন্যার ঠাঁই ছোটমনি নিবাসে

“মসজিদের সিসি ক্যামেরায় দেখা যায় সাড়ে ১০টার দিকে মাস্ক পরিহিত এক নারী শিশুটিকে সিঁড়িতে রেখে চলে যায়।”

মসজিদের সিঁড়িতে পাওয়া শিশুকন্যার ঠাঁই ছোটমনি নিবাসে

মসজিদের সিঁড়িতে পাওয়া শিশুটিকে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 09:49 PM

Updated : 14 Jun 2023, 09:49 PM

বরিশাল নগরীর বটতলা সংলগ্ন একটি মসজিদে ফেলে যাওয়া শিশুকন্যার ঠাঁই হয়েছে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে।

বুধবার বিকালে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালনাধীন ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নিবাসের তত্ত্বাবধায়ক সুশান্ত বালা।

গত সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় ওঠার সিঁড়ি থেকে উদ্ধার করেন মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মসজিদের সিসি ক্যামেরায় দেখা যায় সকাল সাড়ে ১০টার দিকে মাস্ক পরিহিত এক নারী শিশুটিকে সিঁড়িতে রেখে চলে যায়। পরে খবর পেয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করে বাসায় নিয়ে যাই।”

সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই মেয়ের বাবা এই মুয়াজ্জিন বলেন, “আমার স্ত্রী ও মেয়েরা মিলে গত দুইদিন শিশুটিকে লালন-পালন করেছে। সবারই শিশুটির প্রতি মায়া জন্মে গেছে। তাই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি, পুলিশকেও জানিয়েছি।”

তাদের পরামর্শেই বুধবার দুপুরে শিশুটিকে হস্তান্তর করেছেন বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক নিশাত জানান, শিশুটির বয়স আনুমানিক ৫ দিন। যেহেতু তাকে পুলিশ বা অন্য কারো কাছে রাখার নিয়ম নেই তাই তাকে ছোটমনি নিবাসে রেখে আসা হয়েছে।

মসজিদের ভিডিও তদন্ত করা হচ্ছে জানিয়ে এই উপ-পরিদর্শক বলেন, শিশুটিকে কে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “আমরা ইচ্ছে করলেই শিশুটি কাউকে দিয়ে দিতে পারি না। যিনি শিশুটিকে পেয়েছেন তিনিও যদি তাকে লালনপালনের জন্য নিতে চান তাহলে নিয়ম অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।”