ভোলায় সার কারখানা স্থাপনে সম্ভাব্য জায়গা পরিদর্শনে শিল্পমন্ত্রী
এ জেলায় এলএনজি টার্মিনাল ও নৌবন্দর স্থাপন করার কথা জানিয়েছেন নূরুল মজিদ।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানা স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বৃহস্পতিবার দুপুরে জেলার ভেদুরিয়া, ইলিশাসহ কয়েকটি স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোলায় পাওয়া গ্যাস দিয়ে সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সেইসঙ্গে এখানে এলএনজি টার্মিনাল, নৌবন্দরসহ বড় কিছু করা হবে।
শিল্পমন্ত্রী বলেন, “ভোলাকে আমরা গুরুত্ব দিচ্ছি, এখানে প্রচুর গ্যাস আছে। কৃষির জন্য অনেক সার আমদানি করতে হয়। আমরা ফিজিবিলিটি (সম্ভাব্যতা) যাচাই করে দেখব, কতটা আমাদের পক্ষে সম্ভব।
“৩০ বছরের জন্য পরিকল্পনা করতে হবে। পোর্ট সিটি ও এলএনজি টার্মিনাল করার সম্ভবনা রয়েছে। এখানে সার কারখানা স্থাপন হলে আর আমদানি করতে হবে না।”
ঢাকায় ফিরে পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করা হবে বলে জানান নূরুল মজিদ।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ভোলায় শেলটেক সিরামিক ডিসপ্লে সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভোলা বিসিক শিল্প নগরীর গ্যাস সংযোগের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ।
