Published : 21 Jun 2026, 05:31 PM
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপির নেতার মারধরে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিকালে চড়-ভাঙ্গুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ৫০ বছর বয়সী জামিল হোসেন রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের আবু মণ্ডলের ছেলে।
অভিযোগের মুখে থাকা ইউসুফ আলী চড়-ভাঙ্গুড়া গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে এবং ভাঙ্গুড়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় ২০ দিন আগে ধান মাড়াইয়ের কাজ করতে জামিল হোসেন তার মেয়ে, জামাতা ও চাচাতো ভাইকে নিয়ে ভাঙ্গুড়ায় আসেন। তারা কৈডাঙ্গা গ্রামে রেললাইনের পাশে একটি ভাড়া বাসায় ছিলেন।
নিহতের জামাতা আব্দুল কাদের বলেন, মৃত্যুর আগে জামিল হোসেন (শ্বশুর) তাকে ঘটনার বিস্তারিত জানিয়েছিলেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি নেতা ইউসুফ আলী জামিলকে ধান মাড়াইয়ের কাজ করতে বলেন। জামিল ‘কিছুটা দেরি হবে’ জানালে ইউসুফ রেগে ধান মাড়াই করার মেশিনের হ্যান্ডেল কেড়ে নেন।
পরে সেটি ফেরত চাইলে ওই হ্যান্ডেল দিয়েই জামিলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ করেন কাদের।
নিহতের পরিবার বলছে, কাজ শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কৈডাঙ্গা গ্রামের ভাড়া বাসায় ফেরেন জামিল হোসেন। সেখানে তিনি শারীরিক অস্বস্তি অনুভব করলে পাশের নদীতে গোসল করতে যান। গোসল শেষে ফিরে আসার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
পরিবারের সদস্যরা বলছে, জামিল হোসেন আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন।
নিহতের জামাতা আব্দুল কাদেরের অভিযোগ, ঘটনার পর ইউসুফ আলীর চাপে তারা মরদেহ নিয়ে দ্রুত নিজ এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকে বিএনপি নেতা ইউসুফ আলী পলাতক রয়েছেন। তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, “এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।”
ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার বলেন, “প্রাথমিকভাবে মরদেহের মাথার পেছনে সামান্য কাটা-ছেঁড়ার দাগ পাওয়া গেছে। মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শরীরের অন্য কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।