মারা গেছেন ফরিদপুরের সাবেক এমপি মনজুর হোসেন
তার সহকারী একান্ত সচিব জানান,৬৮ বছর বয়সে মারা যাওয়া সাবেক এই সংসদ সদস্য করোনার পর থেকেই অসুস্থ ছিলেন।
ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল মারা গেছেন।
মনজুর হোসেনের সহকারী একান্ত সচিব সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৬৮ বছর বয়সে মারা যাওয়া সাবেক এই সংসদ সদস্য করোনার পর থেকেই অসুস্থ ছিলেন। তিনি লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন বলে জানান সাইফুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা যায়,মনজুর হোসেন বুলবুলের জন্ম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ।
তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ছাড়া তিনি রূপালী ব্যাংকের দুবারের চেয়ারম্যান ও চাকরি জীবনে পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
পাঁচ ভাইয়ের মধ্যে ছোট মনজুর হোসেন মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুলের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
