২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ

একদিন আগে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; যেখানে ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের কথা বলা হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের একটি অংশ। আন্দোলনকারীদের দাবি, ভোট ১৭ ডিসেম্বর নয় ১০ ডিসেম্বরের মধ্যে হতে হবে।

এ দাবিতে সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। বিক্ষোভ সমাবেশে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন এবং শীতকালীন ছুটির আগের জায়গা নিয়ে আসার দাবি জানান তারা।

এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শিক্ষাভবন ঘুরে একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্দেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, “আপনি কাদের কথায় নির্বাচনের তারিখ পিছিয়েছেন। আপনি আগের দিন রাতে ৯ ডিসেম্বর নির্বাচন দিবেন বলে একপক্ষের চাপে তা ১৭ ডিসেম্বর দিয়েছেন। আপনি শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে এ সিদ্ধান্ত দিয়েছেন।

“শাবিপ্রবি শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মেনে নেবে না। প্রশাসন আমাদেরকে পেছন থেকে টোকা দিয়ে দেখতেছে, আমরা কিছু করতে পারে কি-না। প্রশাসন একটি রাজনৈতিক শক্তির কাছে তাদের সিদ্ধান্ত ও মেরুদণ্ডকে বর্গা দিয়েছে।”

“অনেকে বলে, আমরা মব করে নির্বাচন চেয়েছিলাম। আমরা অগাস্টে, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে নির্বাচন চেয়েছিলাম। কিন্তু আপনারা দেন নাই। সর্বশেষ ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। এরপর আর সুষ্ঠু নির্বাচন সম্ভব না”, বলেন জুলাই আন্দোলনের এ নেতা।

ইসলামী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার বলেন, “১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া না হলে, শিক্ষার্থীরা গণআন্দোলন গড়ে তুলবে। সে গণআন্দোলনের তোপে পড়ে আমরা তাদেরকে (নির্বাচন কমিশন) পদত্যাগ করাতে বাধ্য করব।”

এ সময় ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাকিল মাহমুদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান (শিশির) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুমিনুর রশীদ শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন, ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী আমিনা বেগম, কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশীদ আবরার, অর্থনীতির বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান এবং আবরার বিন সেলিম বক্তব্য দেন।

এর আগে রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ-শাকসু ও হল সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; যেখানে ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের কথা বলা হয়েছে।

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৭ ডিসেম্বর

রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে শাকসু নির্বাচন চায় ছাত্রদল