Published : 16 Nov 2025, 08:24 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ-শাকসু ও হল সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; যেখানে ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের কথা বলা হয়েছে।
রোববার বিকাল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির ভবনের শাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
তফসিল অনুযায়ী, ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২২ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।
এ ছাড়া মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। পরদিন একই সময়ে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে। ২৬ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এরপর ৩০ নভেম্বর বেলা সাড়ে ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।
প্রার্থীতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। এরপর ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত। শিক্ষার্থীদের একটি অংশ নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি জানিয়েছে।
“কিন্তু তারিখ নির্ধারণের দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখবে।”
এ ছাড়া শাকসু নির্বাচনের গঠনতন্ত্র, আচরণ ও তফসিল যাবতীয় যেকোনো তথ্য শিক্ষার্থীরা শাকসুর নির্বাচনি ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
একটি গোষ্ঠীর চাপে প্রশাসন ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেও তা বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে করেছে বিভিন্ন সংগঠন।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক পলাশ বখতিয়ার, ইসলামী ছাত্রশিবিরে অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সদস্য ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, ইসলামী ছাত্র মজলিশের সভাপতি জুনায়েদ আহমেদ, ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী আমিনা বেগম, ভয়েস ফর জাস্টিসের সভাপতি মুমিনুর রশীদ এবং ডেমোক্রেটিকস স্টুডেন্ট রাইটস ফোরামের সেক্রেটারি সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় তারা শীতকালীন ছুটি আগের জায়গায় ফিরিয়ে নেওয়া এবং ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান।
এদিন বেলা ১২টায় চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাবিপ্রবি ছাত্রদল। এতে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর ‘সহিংস কার্যক্রমের’ সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।