২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুতা হারানো নিয়ে সালিশে সংঘর্ষ, যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা

শরীয়তপুরের গোসাইরহাট থানার ওসি বলেন, মামলার পর পরই সকালে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জুতা হারানো নিয়ে সালিশে সংঘর্ষ, যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 12:02 AM

Updated : 21 Aug 2023, 12:02 AM

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সালিশে সংঘর্ষের সময় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার কোদালপুর ইউনিয়নের সৈয়াল কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে গোসাইরহাট থানার পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক জানান।

নিহত মনির হোসেন বেপারী (৪৫) এই গ্রামের ইসমাইল বেপারীর ছেলে।

এ ঘটনায় রোববার সকালে নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে নয়জনকে আসামিকে হত্যা মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শুকুর আলী বেপারী (৪৫), আশিক বেপারী (২৭), রকিব বেপারী (২৯), খালেক বেপারী (৩৭), শহীদ বেপারী (৫৮), লিটন মুন্সী (৩৫), হোসনে আরা বেগম (৩৮)।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সৈয়াল কান্দি গ্রামের শহিদ বেপারীরর স্ত্রী ফিরোজা বেগমের জুতা হারানো যায়। এ নিয়ে ফিরোজার সঙ্গে নাজমার ঝড়গা হয়। রাতে মীমাংসার জন্য সালিশ বসে।

এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপক্ষের লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর মধ্যে প্রতিপক্ষের লোকজন মনির বেপারীর ঘাড়ে লোহার রড ডুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে রাত ১১টায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

ওসি বলেন, মামলার পর পরই সকালে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।