২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সময়ে বাজেট ছিল বিদেশ নির্ভর: আইনমন্ত্রী

“জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছে আসবে না।”

বিএনপির সময়ে বাজেট ছিল বিদেশ নির্ভর: আইনমন্ত্রী

আখাউড়ার মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 03:46 PM

Updated : 02 Jun 2023, 03:46 PM

বিএনপির আমলে বিদেশি দাতা দেশগুলো থেকে ‘ভিক্ষার টাকা’ এনে জড়ো করে বাজেট ঘোষণা করা হত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

আইনমন্ত্রী বলেন, “ভিক্ষার টাকা যখন একসঙ্গে জড়ো হত- তখন বুঝা যেত কত টাকার বাজেট হবে।” 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন মন্ত্রী। 

২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে বাজেটের পরিমাণ ৬৩ হাজার কোটি টাকা ছিল উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “বাজেটের মধ্যে লেখা থাকতো এই ৬৩ হাজার কোটি টাকার বাজেটের শতকরা ৮০ টাকা আসবে বিদেশ থেকে আর ২০ টাকা দেবে জনগণ।” 

এখন সেই চিত্র পাল্টে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, “এখন ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরও আমরা বলতে পারি যে শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে এ বাজেটে। আর মাত্র শতকরা ১৭ টাকা দেবে বিদেশ থেকে। 

“আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদেরকে আর দাবায়ে রাখতে পারবে না।” 

আইনমন্ত্রী বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছে আসবে না। কারণ নির্বাচন দিলেই তারা বলে আমরা নির্বাচনে যাব না। 

“গত  নির্বাচনে বিএনপি ভোট করবে বলেছে। তারপর একেকটা নির্বাচনী এলাকায় তিন-চার জন করে প্রার্থী দিয়ে টাকা নিয়েছে। তারপর বলে নির্বাচন করবে না। নির্বাচন তারা করবে না, নির্বাচন নষ্ট করবে। মানুষকে বাসে পুড়িয়ে মারবে। ” 

মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাতের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী ও আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ প্রমুখ।