গোপালগঞ্জে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থদের সংঘর্ষ, আহত ১৫
পুলিশ বলছে, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের বিরোধ আসছিল।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই চেয়াম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয় বলে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানান।
তিনি বলেন, “সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম এবং বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিমের মধ্যে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ওই শত্রুতার জের ধরে দুই চেয়ারম্যানের সমর্থকরা প্রথমে বাকবিতণ্ডায় জড়ায়।
“এক পর্যায়ে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে এক ঘণ্টা পর কাশিয়ানী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুপক্ষের বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন ।”
আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসাপাতালে এবং বাকিদের কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি শফিউদ্দিন খান বলেন, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় বাড়াতি পুলিশ মোতায়েন করা হয়েছে।
