Published : 28 Jun 2026, 06:27 PM
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক পুলিশের অভিযানের খবর পেয়ে একটি ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে লাফ দেন। এতে তার ডান পা ভেঙে যায়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হন।
শনিবার রাত ১১টার দিকে নগরের বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের-আরএমপি মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনার সময় মীর তারেক জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাসের বাসায় ছিলেন। এ সময় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার-ডিবি সদস্যরা ভবনটি ঘিরে ফেলেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের ভবনের ছাদে লাফ দেন এবং আহত হন।
আরএমপির মুখপাত্র বলেন, “পুলিশ মীর তারেককে গ্রেপ্তার করতে যায়নি। অন্য এক আসামিকে ধরতে সেখানে অভিযান চালানো হয়েছিল। পরে ভুল বোঝাবুঝি হওয়ায় পুলিশ ফিরে আসে।”
ঘটনার পর মীর তারেক তার ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে দাবি করেন, তাকে ঘিরে ফেলা হয়েছে। তিনি নেতাকর্মীদের ঘটনাস্থলে আসার আহ্বান জানান। কিছুক্ষণের মধ্যে নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
নিজের পরিচয় দিয়ে ছাদ থেকে ফেইসবুক লাইভে তিনি বলেন, “আমি স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরের সভাপতি, আমার ডান পা ভেঙে গেছে। রাস্তায় আজকে যদি যেতে হয়, আমাদের লাশের ওপর দিয়ে থানায় যাব। আমার লাশ যাবে, না হয় জাতীয়তাবাদের সৈনিক যাবে—বাংলা কথা।’”
লাইভে তিনি দাবি করেন, তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ ডাকলে তিনি নিজেই থানায় হাজির হতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে রাজশাহী মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম-সিআরটি ঘটনাস্থলে পৌঁছালে কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়। রাত ১২টা ৫৫ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশ ধীরে ধীরে স্থান ত্যাগ করেন।
এরপর রাত ১টা ১২ মিনিটের দিকে প্রায় শতাধিক মোটরসাইকেলে করে নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে তারা ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ছাদ থেকে আহত মীর তারেককে উদ্ধার করেন।
এ সময় ভবনের সিসিটিভি ক্যামেরা ঢেকে রাখা এবং সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এর আগে ২১ জুন নগরের শাহমখদুম থানার ছায়ানীড় এলাকায় মীর তারেকের বাসায় গুলিবিদ্ধ হন ফয়সাল বাঁধন নামে এক যুবক। ওই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি করে পুলিশ একটি মামলা করে।
এ ছাড়া গত বছরের ৭ মার্চ দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রিকশাচালক গোলাম হোসেন নিহত হন। ওই ঘটনায় করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মীর তারেক।
পুলিশ জানিয়েছে, ওই হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন:
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার