Published : 22 Jun 2026, 12:41 AM
রাজশাহী নগরের ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া বাসায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক।
রোববার দুপুরে শাহমখদুম থানার আবাসিক এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান।
গুলিবিদ্ধ ফয়সাল বাঁধন (৩০) নগরের সাহেববাজার এলাকার বাসিন্দা। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, গুলি, গুলির খোসা, হাতবোমাসদৃশ একটি বস্তু এবং বিস্ফোরক তৈরির কিছু উপকরণ জব্দ করা হয়েছে। আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
আহত ফয়সালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, তার নাভির সামান্য ওপরে গুলি লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
পাঁচতলা ভবনটির মালিক রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি সাঈদ আল মারজুরের বাবা। ভবনের পঞ্চম তলা মীর তারেক ভাড়া নিয়েছিলেন।
ভবনের নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও, সেখানে একটি কক্ষ ব্যবহার উপযোগী ছিল এবং সেটিই নিয়মিত ব্যবহার করা হত।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলির ঘটনার সময় ওই কক্ষে মীর তারেকসহ কয়েকজন অবস্থান করছিলেন। ঘটনার পর তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
এসব বিষয়ে কথা বলতে মীর তারেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আর ছাত্রদল নেতা সাঈদ আল মারজুরকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।
ফয়সাল বাঁধন কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “আহত ব্যক্তি সুস্থ হলে তার বক্তব্য নেওয়া হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসাটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা বা তার প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।