Published : 17 Dec 2025, 04:05 PM
নারায়ণগঞ্জে নিরাপত্তা শঙ্কায় এক প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নাই।”
বুধবার দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে মঙ্গলবার দুপুরে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত আসনের প্রার্থী এ ঘোষণা দেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, “নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। ঢাকায় ওসমান হাদির উপর গুলির ঘটনার পর তারা আরো আতঙ্কিত হয়ে পড়েন।”
পরিবারের অনুরোধেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান বিএনপি প্রার্থী।
এ প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। আপনারাও তো সবাই আজকে এখানে আসছেন। আপনারাও তো বলতে পারতেন, আমাদের নিরাপত্তা সংকট আছে, আমরা কেউ আসবো না।
“এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি নির্বাচন কেন করবে না- এটা হয়তো ভাইয়েরা (সাংবাদিক) আছেন, ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারবেন।”
নিরাপত্তা ইস্যুতে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ এবং নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছেন।
এ বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “আমরাও কিছুদিন আগে তাদের তলব করেছিলাম। তো সাধারণত পররাষ্ট্র বিষয় থাকে যে, একজন তলব করলে আরেকজনও করে। এটাই সাধারণত নিয়ম।”
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন।
“উনি একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য ওনার বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে। ওনার জন্য খাস দিলে আপনারা দোয়া করবেন।”
বিকেএমইএʼর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে ছয়টি গাড়ি উপহার দেওয়া হয়। এ অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এ সময় উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে 'নিরাপত্তা শঙ্কায়' ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি