করমজলে কুমির ‘পিলপিলের’ ডিমে ৩৮ ছানার জন্ম
সংশ্লিষ্টরা জানান, করমজলে এবারই প্রথম কুমিরের ডিম থেকে শতভাগ বাচ্চা ফুটেছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পিলপিল নামের একটি কুমিরের ডিম থেকে ৩৮টি বাচ্চা জন্ম নিয়েছে।
ডিম দেওয়ার আড়াই মাসেরও বেশি সময় পর সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা সময়ের মধ্যে ডিমের খোলস ভেঙে বাচ্চাগুলো জন্ম নেয় বলে করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান।
তিনি বলেন, গত ১ জুন কেন্দ্রের পুকুর পাড়ে পিলপিল নামের কুমিরটি ৩৮টি ডিম পাড়ে। এরপর ডিমগুলো পুকুরপাড়ের কুমিরের ডিম পাড়ার বাসা থেকে সংগ্রহ করে ডিজিটাল ইনকিউবেটরে (কৃত্রিমভাবে তাপের ব্যবস্থা করে ডিম ফোটানোর যন্ত্র) রাখা হয়। ইনকিউবেটরে রাখার ৮৩ দিন পর সবগুলো ডিম থেকেই বাচ্চা ফুটে বের হয়েছে।
ইনকিউবেটরটি গতবছর প্রজনন কেন্দ্রে আনা হয় জানিয়ে আজাদ কবির বলেন, “এর আগে এনালগ পদ্ধতির ইনকিউবেটর ব্যবহার করায় বাচ্চা ফোটার হার ছিল শতকরা ৬০ থেকে ৬৫ ভাগ। এবারই প্রথমবারের মত ডিজিটাল ইনকিউবেটর ব্যবহারে শতভাগ বাচ্চা ফুটেছে।”
খুলনা শহর থেকে ৬০ কিলোমিটার এবং মংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে পশুর নদীর তীরে করমজলের অবস্থান। ত্রিশ হেক্টর জায়গার উপর বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা কেন্দ্রটিতে লোনাপানির কুমির প্রজনন শুরু হয় ২০০৫ সালে।
