নোয়াখালীতে ভাবীকে হত্যার দায়ে ২ সহোদরের যাবজ্জীবন
১৬ বছর পর এই হত্যা মামলা রায় হলো
নোয়াখালী সদর উপজেলায় গৃহবধূকে হত্যার দায়ে ১৬ বছর পর দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকেলে জেলা বিশেষ জজ আদালতের বিচারক এন এম মোর্শেদ খান এক আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এমদাদ হোসেন কৈশোর জানান।
দণ্ডিতরা হলেন- উপজেলার দয়ারামদি গ্রামের সারেং বাড়ির তাজুল ইসলামের ছেলে মাইনুদ্দিন (৪৫) ও সবুজ (৩০)। এর মধ্যে সবুজ পলাতক।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে আমেনা বেগমকে (৩০) পিটিয়ে হত্যা করেন আসামিরা। আমেনার স্বামী সেসময় বিদেশ ছিলেন। হত্যার পর দ্রুত আমেনাকে দাফন করে ফেলা হয়। পরে আমেনার মা রোমেনা বেগম বাদী হয়ে ২০০৬ সালের ২১ মার্চ আদালতে মামলা করেন।
আইনজীবী বলেন, আদালত দুই আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার বাদী রোমেনা বেগম বলেন, “আমার মেয়েকে হত্যা করে দ্রুত লাশ দাফন করে ফেলে। আমি পরবর্তীতে পুকুরে তার জামাকাপড় ভাসতে দেখি। আমার দুই নাতি-নাতনির কাছ থেকে তাদের মাকে হত্যার বর্ণনা শুনেছি।
এ সময় বাদী ন্যায়বিচার পেয়েছেন বলেও জানান।
