২ দিনেও খোঁজ মেলেনি যমুনায় গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের
পরিবারের সঙ্গে বেড়াতে এসে নদীতে গোসলে নেমেছিলেন তিনি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দ্বিতীয় দিনেও উদ্ধার হয়নি কলেজ ছাত্র।
বুধবার বিকালে উপজেলার মেঘাই স্পারের কাছে গোসলে নেমে মেরাজুল ইসলাম তমাল (১৮) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হন।
তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে ও বগুড়া ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, পরিবারের সঙ্গে বেড়াতে এসে তমালসহ তিনজন মেঘাই স্পারের দক্ষিণে যমুনা নদীতে গোসলে নামেন। সাঁতরে দুইজন তীরে উঠলেও তীব্র স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যান তমাল। বিষয়টি জানার পর কাজিপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীতে অভিযান চালায়। কিন্তু তমালকে না পেয়ে অভিযান স্থগিত করা হয়।
ওসি আরো বলেন, বৃহস্পতিবার নদীতীরে নজরধারী করা হচ্ছে। আশপাশের থানাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তমালের খোঁজ পাওয়া যায়নি।
