২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন থেকে সরে মিসবাহ সিরাজ বললেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম’

দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 03:45 PM

Updated : 17 Dec 2023, 04:05 PM

সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রাসেল হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এরপর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে চূড়ান্ত প্রার্থীরা ৭ জানুয়ারির ভোটের জন্য প্রচারে নামবেন। 

সিলেট-১ আসনে (সদর) নৌকার মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই আসনে মিসবাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোমেন ও মিসবাহর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, ধারণা করা হচ্ছিলো।

এখন মিসবাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোতে অনেকটা `প্রতিদ্বন্দ্বিতাহীন’ অবস্থানে রয়েছেন মোমেন।

আবেদন জমা দিয়ে মিসবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‌‌‌‌‌"দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ ছিলাম। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছি।”  

সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এ সময় তার সঙ্গে ছিলেন।

আওয়ামী লীগের তিনবারের এই সাংগঠনিক সম্পাদক সিলেট-১ আসনের পাশাপাশি সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

কিন্তু কোনো আসনেই দলীয় মনোনয়ন না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দেন।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

নির্বাচনে প্রার্থী হতে দুই আসন থেকেই দলের নেতাকর্মীদের ‘চাপে’ দুটি আসনের ফরম তুলেছেন বলে তখন জানিয়েছিলেন মিসবাহ।

মিসবাহ উদ্দিন সিলেট জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীর (পিপি) দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যও ছিলেন।

সিলেট-১ আসন থেকে ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে আব্দুল মোমেন। এর আগে টানা দুই মেয়াদে এ আসনের সংসদ সদস্য ছিলেন তার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

স্বাধীনতার পর থেকে সিলেট-১ আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে, ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।

আরও পড়ুন:

পুরনো খবর:

মোমেনের আসনে মনোনয়নপত্র তুলেছেন মিসবাহ সিরাজ
সিলেটে স্বতন্ত্র প্রার্থী গাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ