২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অবহেলা নাকি গোপন ফাঁদ: সম্পর্কের সূক্ষ্ম প্রতারণা ‘মাইক্রো-চিটিং’-এর লক্ষণ

সম্পর্কে থেকে অন্যকে প্রশংসা করা যেতেই পারে। তবে প্রশ্ন জাগবে, যখন বিষয়টা সঙ্গীর কাছে থেকে লুকানো হবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 02:55 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকার অর্থ এই নয় যে অন্য কোনো মানুষের প্রতি আকর্ষণ পুরোপুরি শেষ হয়ে যাবে।

তবে চেনা কোনো কফি শপের বারিস্তার সঙ্গে নিয়মিত হালকা গল্প করা, গোপনে ডেইটিং অ্যাপ সচল রাখা কিংবা অবচেতন মনে এই ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়া যে— ‘শারীরিক সম্পর্কে তো জড়াইনি, তাহলে ক্ষতি কী?’- এরকম বিষয়গুলো আজকের ডেইটিং সংস্কৃতিতে এক নতুন জটিলতা তৈরি করেছে।

মনস্তত্ত্ব ও সম্পর্ক বিশেষজ্ঞদের ভাষায়, সম্পর্কের এই ধূসর এলাকার সূক্ষ্ম ও ছোট ছোট অনৈতিক আচরণকে বলা হচ্ছে ‘মাইক্রো-চিটিং’ বা ‘ক্ষুদ্র প্রতারণা’।

‘রিয়েল সিম্পল ডটকম’-এ প্রকাশিত প্রতিবেদনে মনোবিদরা জানিয়েছেন, এটি কোনো পূর্ণাঙ্গ শারীরিক বা মানসিক পরকীয়া নয়; তবে এটি এমন এক আচরণ যা একচেটিয়া সম্পর্কের বিশ্বাসের দেয়ালকে গোপনে একটু একটু করে ধসিয়ে দেয়।

মাইক্রো-চিটিং বা ক্ষুদ্র প্রতারণার সাধারণ লক্ষণসমূহ

যুক্তরাষ্ট্রের নিবন্ধিত মানসিক স্বাস্থ্য থেরাপিস্ট ব্রায়ানা পারুওলো বলেন, “ছোট ছোট এই ‘ল্যাপস’ বা আচরণগুলো আপাতদৃষ্টিতে নির্দোষ মনে হলেও, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পুঞ্জীভূত হয়ে সম্পর্কের বড় ধরনের ফাটল তৈরি করে।

মাইক্রো-চিটিংয়ের প্রধান লক্ষণগুলোর মধ্যে আছে:

গোপন টেক্সট ও বার্তা মুছে ফেলা: সঙ্গীর আড়ালে গভীর রাতে অন্য কারও সঙ্গে টেক্সট করা এবং সেই মেসেজগুলো নিয়মিত মুছে ফেলা।

সম্পর্কের কথা আড়াল করা: নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার সময় নিজের একটি সুনির্দিষ্ট একচেটিয়া সম্পর্ক বা ‘এক্সক্লুসিভ রিলেশনশিপ’-এর কথা ইচ্ছাকৃতভাবে গোপন রাখা।

সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা: পুরানো প্রেমিক বা প্রেমিকার প্রতিটি পোস্টে নিয়মিত ‘লাভ’ বা ‘ফ্লেম’ ইমোজি দেওয়া এবং তাদের সঙ্গে গোপনে পুরানো স্মৃতিরোমন্থন করা।

ডেইটিং প্রোফাইল সচল রাখা: সম্পর্কে জড়ানোর পরেও নিজের ডেইটিং অ্যাপের অ্যাকাউন্ট ডিলিট না করে, গোপনে সচল রাখা।

বাইরে আংটি খুলে রাখা: ঘর থেকে বের হওয়ার সময় নিজের বিয়ের আংটি বা এনগেজমেন্ট রিংটি কৌশলে খুলে রাখা।

আবেগীয় সমর্থন অন্য কোথাও খোঁজা: নিজের সঙ্গীকে সময় না দিয়ে অন্য কোনো আকর্ষণীয় সহকর্মী বা বন্ধুর কাছ থেকে মানসিক সান্ত্বনা, প্রশংসা এবং কাজের স্তুতি পাওয়ার চেষ্টা করা।

পূর্ণাঙ্গ পরকীয়া বনাম মাইক্রো-চিটিং’য়ের তফাত কোথায়?

মার্কিন সেক্সোলজিস্ট ও সম্পর্ক-বিষয়ক থেরাপিস্ট সোফি রুস ব্যাখ্যা করেন, “পূর্ণাঙ্গ মানসিক পরকীয়ায় মানুষ বাইরের কারও সঙ্গে অত্যন্ত গভীর ও নিবিড় একটি আবেগীয় বন্ধন তৈরি করে ফেলে। তবে মাইক্রো-চিটিং আরও সূক্ষ্ম এবং চট করে ধরা কঠিন।”

এখানে বড় লাল সংকেত বা রেড ফ্ল্যাগ হল— ‘গোপন করার মানসিকতা’।

ব্রায়ানা পারুওলোর মতে, “কোনো আচরণ সঙ্গেীর কাছে নির্দোষ মনে হলে, সেটা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না। তবে যখনই কেউ কোনো চ্যাট লুকাতে শুরু করেন বা বিবরণ আড়াল করেন, তখনই বোঝা যায় অবচেতন মনে তিনি জানেন যে, কাজটি ভুল হচ্ছে। আর নিজের সঙ্গীর বিশ্বাসের অমর্যাদা করছেন।”

এই ধূসর পরিস্থিতি সামলানোর ৩ নিয়ম

সম্পর্কের এই সূক্ষ্ম ফাটল যদি একটি অভ্যাসে পরিণত হতে শুরু করে, তবে মনস্তত্ত্ববিদেরা নিচের কার্যকর পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিয়েছেন।

দোষারোপের বদলে কৌতূহলকে প্রাধান্য দেওয়া

হঠাৎ করে সঙ্গীর ওপর রেগে গিয়ে ‘তুমি মিথ্যা বলছ’ বা ‘তুমি ধোঁকাবাজ’— এমন আক্রমণাত্মক শব্দ ব্যবহার করলে সঙ্গী আত্মরক্ষামূলক হয়ে, প্রসঙ্গ বদলে ফেলতে পারেন।

এর প্রতিকারে ব্রায়ানা পারুওলোর পরামর্শ হল, “শান্ত মনে নিজের পর্যবেক্ষণ ও অনুভূতি প্রকাশ করা উচিত। যেমন: ‘আমি খেয়াল করেছি ইদানীং আমাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, আমি বিষয়টি তোমার সঙ্গে বসে বুঝতে চাই, তুমিও কি এমন কিছু অনুভব করছ?’— এই ধরনের কথা বললে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে।

নিজের অনুভূতি ও সীমানা স্পষ্ট করা

সোফি রুস বলেন, “যখন তুমি চ্যাট লুকাও, তখন আমার খুব কষ্ট হয় এবং নিজেকে চরম অনিরাপদ মনে হয়, এই বিষয়ে কি কথা বলা যায়?’— এভাবে নিজের নরম অনুভূতিগুলো শেয়ার করা উপকারী। এটি সঙ্গীকে তার ভুলের গভীরতা বুঝতে এবং অপরাধবোধ জাগ্রত করতে সাহায্য করে।”

সম্পর্কের নিয়ম ও বাউন্ডারি নতুন করে সাজানো

মাইক্রো-চিটিং মানেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়; বরং এটি একে অপরের মুখোমুখি বসার এবং সম্পর্কের দেয়াল নতুন করে মজবুত করার একটি সুযোগ।

বেশিরভাগ ক্ষেত্রে যুগলদের মধ্যে ‘কোন আচরণটি গ্রহণযোগ্য আর কোনটি নয়’, সে বিষয়ে কোনো স্পষ্ট দাপ্তরিক বা পারস্পরিক সীমানা নির্ধারণ করা থাকে না। ফলে এই জটিলতা তৈরি হয়।

তাই দুজনে মিলে আলোচনার মাধ্যমে বিশ্বস্ততার একটি নতুন স্পষ্ট ‘গাইডলাইন’ তৈরি করাই সম্পর্ক বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পার।

আরও পড়ুন

সম্পর্কে যেভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে ‘প্যারালাল লাইফ সিন্ড্রোম’

সম্পর্কে নীরব দূরত্ব তৈরি করে ‘ড্রাই বেগিং’

পরিচিত হোন ‘পটকা মাছ’ চরিত্রের মানুষের সঙ্গে