২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এবার ৩ কোম্পানির সিস্টেমে ‘ঢুঁ মেরেছে’ গুগলের জেমিনাই

এর আগে, একই রকমভাবে বিভিন্ন কোম্পানির সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনার কথা মেটা, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের পক্ষ থেকেও প্রকাশ পেয়েছে।

এবার ৩ কোম্পানির সিস্টেমে ‘ঢুঁ মেরেছে’ গুগলের জেমিনাই

গুগলের এআই সিস্টেমগুলোর স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের কাজ করার ঘটনা এটাই প্রথম। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 06:37 PM

Updated : 20 Sep 2026, 06:37 PM

মেটা, ওপেনএআই, অ্যানথ্রপিকের পর এবার নিজে থেকেই ইন্টারনেটে প্রবেশ করে তিন কোম্পানির সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনাই।

সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় ঘটা এ স্বয়ংক্রিয় ঘটনাটি প্রযুক্তি দুনিয়ায় এআইয়ের সুরক্ষা ও স্বাধীনতা নিয়ে আবারও প্রশ্নের জন্ম দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

গুগলের এআই সিস্টেমগুলোর স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের কাজ করার ঘটনা এটাই প্রথম।

গেল মে মাসে সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী কোম্পানি ‘ইরেগুলার’-এর তত্ত্বাবধানে মাসে এক নিরাপত্তা পরীক্ষার সময় এসব হ্যাকিংয়ের ঘটনা ঘটে।

বিবৃতিতে গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স বলেছেন, সাধারণ এক মূল্যায়ন পরীক্ষার সময় জেমিনাই অনলাইনে সর্বজনীন তথ্য খুঁজে বের করে ও পরীক্ষাটির পরিধির অন্তর্ভুক্ত বলে মনে করে এমন তিন ওয়েবসাইটে প্রবেশ পাওয়ার জন্য পাসওয়ার্ড নিজে থেকে অনুমান করে নেয়।

“আমরা বিষয়টি নিশ্চিত করেছি, সংশ্লিষ্ট তিন কোম্পানিকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা এখন তাদের পরীক্ষার প্রক্রিয়ায় যেসব পরিবর্তন এনেছে সে বিষয়ে আমরা আমাদের ট্রেনিং পার্টনারের সঙ্গে কাজ করেছি।

“এসব ঘটনা শক্তিশালী বিভিন্ন এআই মডেলকে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়ার গুরুত্বকে তুলে ধরেছে।”

ইরেগুলারের একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনার সঙ্গে অন্যান্য এআই ল্যাবগুলোর ওপর প্রভাব ফেলা সমস্যার মিল ছিল এবং গেল জুলাইয়ের শেষদিকে এ সংশ্লিষ্ট ল্যাবকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছিল।

“আমাদের দিক থেকে জানা সব সমস্যার সমাধান ও প্রতিকার কয়েক সপ্তাহ আগেই করা হয়েছে।”

এর আগে, ‘ইরেগুলার’-এর সঙ্গে সম্পৃক্ত এমন একইরকম ঘটনার কথা মেটা, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের পক্ষ থেকেও প্রকাশ পেয়েছে।

অগাস্টে মেটা বলেছিল, এ ঘটনায় কোনো স্যান্ডবক্স এস্কেপ বা জটিল ধরনের সাইবার হামলা জড়িত ছিল না।

অন্যদিকে, ইরেগুলার বলেছিল, তারা নিরাপদে এআই সাইবার নিরাপত্তা মূল্যায়ন পরিচালনার জন্য সেরা বিভিন্ন উপায় নিয়ে কাজ করছে।

এআই এজেন্টদের কার্যসক্ষমতা ও ইন্টারনেট বা কম্পিউটার সিস্টেমে প্রবেশাধিকার বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসব ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে।

শুক্রবার এ তথ্য প্রথম প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল।

ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, একটি ঘটনায় জেমিনাই মডেলটি পাসওয়ার্ড অনুমান করতে করতে একপর্যায়ে সুরক্ষিত এক সিস্টেমে প্রবেশ করে।

অন্য দুটি ঘটনায় মডেলটি একটি পাবলিক রিপোজিটরি থেকে পাসওয়ার্ড খুঁজে পায়, যা পরবর্তীতে এআইকে ওই সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করতে সহায়তা করে।

গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স বলেছেন, এ তিন ক্ষেত্রেই মডেলটি নিজে থেকেই হ্যাকিং করা বন্ধ করে দিয়েছিল।