Published : 20 Sep 2026, 06:31 PM
নড়াইলের লোহাগড়া উপজেলায় মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে রোববার বিকালে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- উপজেলার চর মল্লিকপুর গ্রামের ফরিদ শেখ (৫০), সারুলিয়া গ্রামের সাজ্জাদুর রহমান কচি (৫৬), নলদি গ্রামের বাদশা মোল্লা (৪৫), এড়েন্দা গ্রামের আল আমিন গাইন (২৫), লক্ষ্মীপাশা এলাকার সাবেক কমিশনার মোজাম হোসেন (৫৫), বিপুল (৪০), ধোপাদাহ গ্রামের অপি শেখ (৩০), পোদ্দারপাড়া এলাকার মহাসিন মোল্লা (৪০), সাবেক কমিশনার আনিসুর রহমান আনিচ (৫৫), দাসেরডাঙ্গা গ্রামের আক্তার ফকির (৪৮), কলাগাছী গ্রামের মাহাবুর রহমান (৪৫) ও করিম শেখ (৫০)। আটক আরেকজনের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন। মিছলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে লোহাগড়া থানা পুলিশ।
সন্ত্রাস দমন আইনে ১৭ জনের নাম দিয়ে ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও মিছিলের অভিযোগ যাচাই-বাছাই করে তিনজনকে নতুন মামলায় এবং বাকি ১০ জনকে আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি শরিফুল।