ভ্রমণ কাহিনি: স্বপ্নভরা লেক কোমো, শেষ পর্ব
ভিলা বালবিয়ানেলো ঘুরে কোমো শহরের দিকে ফিরছিলাম আমরা। হঠাৎ করে চারদিক মেঘ করে বৃষ্টি শুরু হলো।
কম সময়ে যে মোটরশিপ কোমো শহরে পৌঁছাবে সেটার টিকেট কাটলাম। চল্লিশ মিনিটের মধ্যে কোমো শহরে পৌঁছে গেলাম। এ দিকটায় রোদ ঝলমল করছে, বৃষ্টির ছিটেফোঁটাও কোথাও নেই। কোমো শহর সম্পর্কে যদি বলতে হয় তো বলবো, ছিমছাম সুন্দর একটা শহর। লেক কোমো আর আল্পসের অবস্থান খুব কাছে বলে কোমো শহর রাতারাতি দর্শনীয় শহরে পরিণত হয়েছে।
আমাদের ফিরতি ট্রেন ছিলো সন্ধ্যা ছয়টায়। হাতে ঘণ্টা দুয়েক সময় ছিলো কোমো শহরটা ঘুরে দেখবার। মোটরশিপ থেকে নেমেই টেম্পিয়ো ভোল্টিয়ানোতে (ভোল্টা মিউজিয়াম) যাবার কথা। টার্মিনাল থেকে মিনিট সাতেকের পথ। বলে রাখা ভালো বিখ্যাত পদার্থবিজ্ঞানী বৈদ্যুতিক ব্যাটারির আবিষ্কারক আলেসান্দ্রো ভোল্টার জন্ম ১৭৪৫ সালে এ কোমো শহরেই। টেম্পিও ভোল্টিয়ানো বা ভোল্টা মিউজিয়াম এ বিখ্যাত আলেসান্দ্রো ভোল্টাকে উৎসর্গ করে তৈরি করা।
বিজ্ঞানীর মৃত্যুর একশতম বার্ষিকী উদযাপনের জন্য ১৯২৭ সালে এর কাজ সম্পন্ন হয়েছিল, যদিও ১৯২৮ সালে এটি উদ্বোধন করা হয়। শুনেছি মিউজিয়ামে বিজ্ঞানী ভোল্টার ব্যবহৃত ব্যাক্তিগত জিনিসপত্র, বিভিন্ন সময়ে পাওয়া অ্যাওয়ার্ড আর তার তৈরি প্রথম ভোল্টাইক পাইলস (ব্যাটারি) এ মিউজিয়ামে সংরক্ষিত আছে। কোভিড-১৯ মহামারীর কারণে মিউজিয়াম বন্ধ ছিলো, আমাদের ভেতরে যাবার সৌভাগ্য হলো না।
বসে বসে এতোটা সময় কীভাবে চলে গেলো বুঝতেও পারলাম না! এদিকে আমাদের ট্রেনের সময় হয়ে এসেছে, আশপাশে আর কোথাও যাওয়া হলো না, তাতেও আফসোস নেই। সিটি সেন্টারের দিকে হাঁটতে শুরু করলাম। সেন্টারে একটা ক্যাফেতে বসে কফি আর হালকা নাস্তা করে নিলাম দুজন। সেখান থেকে স্টেশনের দিকে ছুটলাম। এ কয়দিনের সুন্দর কিছু স্মৃতি সঙ্গে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। যথাসময়ে ট্রেন ছাড়লো, পাভিয়াতে পৌঁছালামও ঠিক সময়ে।
স্টেশন থেকে ভো দৌড় বাস স্টপের দিকে, কারণ আর এক মিনিটের মধ্যে দিনের শেষ বাসটা ছেড়ে দেবে। দৌড়ে কোনোরকমে হাত নাড়িয়ে বাস চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম, যেনো আমাদের ছেড়ে চলে না যায়। যাক, অবশেষে বাসে উঠতে পারলাম। বাসার কাছে এসেই মনটা খারাপ হতে থাকলো, এতো সুন্দর একটা ট্রিপ শেষ হয়ে গেলো!
রবি হাসতে হাসতে বলছে, আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, পরিস্থিতি যদি আরও একটু স্বাভাবিক হয় তাহলে সামার ভেকেশান এবার ইতালির দক্ষিণে! আর আমিও লেক কোমোর অধ্যায় শেষ করে নতুন গল্পের অপেক্ষায়।
লেখক: পেশায় একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। যুক্তরাষ্ট্রের বাফেলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বসবাস করেন ইতালির পাভিয়া শহরের ভিয়া কাশশিনাজ্জা এলাকায়
আগের পর্ব
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
