ভ্রমণ কাহিনি: স্বপ্নভরা লেক কোমো, পর্ব ৪
বেলাজিও আর ভারেন্নার পর আমাদের গন্তব্য ছিলো লেনো। ভিলা ডেল বালবিয়ানেলোকে বলা হয় লেক কোমোর সবচেয়ে আকর্ষণীয় ভিলা। আর সেখানে আমাদের আজকের দিনটা কাটাতেই লেনোর পথে যাত্রা।
বেলাজিও থেকে মোটে ২৫ মিনিটের পথ। লেনোতে নামার পর ইনফরমেশন বুথ থেকে মোটামুটি সবকিছু জেনে নিলাম। ভিলাতে অবশ্য দুইভাবে যাওয়া যায়। ট্যাক্সি বোটে পাঁচ মিনিট আর পাহাড়ি পথ ধরে হেঁটে গেলে বিশ মিনিট। আমরা অবশ্য পরের অপশনটাই বেছে নিলাম।
লেকের ধার ঘেঁষে অস্থায়ী হাট বসেছে। লেনোর স্থানীয় লোকজন একেকটা দোকানে ভিড় জমিয়েছে। লেকের টাটকা মাছ থেকে শুরু করে অর্গানিক সবজি, দৈনন্দিন জিনিসপত্র কি নেই হাটে! হাটের উল্টোদিকে বেশ কিছু জেলাটো শপ, ছোট ছোট কফি শপ আর বেশ কিছু রেস্তোরাঁ। তারপরও ফুড কার্টগুলোর সামনে মানুষের বেশ বড় লাইন দেখতে পেলাম। টাটকা মাছের এতো আইটেম দেখে আমরাও কিছু খাবার কিনে নিলাম। লেকের ধারে বসে দুজন আর্লি লাঞ্চটাই সেরে নিলাম। রবি ভীষণ মাছভক্ত। প্রতিটা খাবার তার ভালো লেগেছে। রবিকে বললাম, ‘উদরপূর্তি হয়েছে ভালো কথা, বালবিয়ানেলোতো আমাদের ডাকছে, চলো এবার ওঠি!’
ব্রিটিশ কাপল আসলে ভুল বলেনি, পাহাড়ি রাস্তার দুইপাশে বিশাল বিশাল গাছের সারি। একেকটা গাছ কয়েকশো বছরের পুরাতন আর দানব আকৃতির। আর আমরা হেঁটে যাচ্ছি, আমাদের সামনে পেছনে কেউ নেই। ঝি ঝি পোকা ডাকছে আর হালকা বাতাসে গাছের পাতার ঝিরঝির শব্দ কানে বাজছে। একটু অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা, আবার রোমান্টিকও।
বেশ খানিকটা উপরে উঠার পর লেকটা দেখতে পেলাম। ভীষণ সুন্দর, যা লিখে প্রকাশ করার মত না। বালবিয়ানেলো ভিলাকে দূর থেকে দেখলে মনে হবে যেন তার একটা অংশ লেকে এসে মিশেছে। আর চারদিকের বাগান নিঃসন্দেহে যে কারও মন ভালো করে দেওয়ার মতো।
লেকের সুন্দর মনোরম ভিউকে সামনে রেখে এই দুরিনি লোজ্জায় অনেকেই বিয়ের অনুষ্ঠান আয়োজন করে থাকেন। সাম্প্রতিক সময়ের আলোচিত বিয়ের মধ্যে বলিউডের দীপিকা-রানবীরের বিয়ে অন্যতম।
দুরিনি মারা যাবার পর এটা চলে আসে ভিস্কন্তি ফ্যামিলির হাতে। ভিস্কতি ফ্যামিলির পতনের সঙ্গে সঙ্গে এই বালবিয়ানেলো ভিলাও পরিত্যক্ত জায়গায় পরিণত হতে থাকে। ভিস্কন্তি ফ্যামিলির পতনের ত্রিশ বছরেরও বেশি সময় পর্যন্ত এটি অবহেলিত ছিলো।
তিনি ১৯৭৩ সালে মাউন্ট এভারেস্টে আরোহণের প্রথম ইতালিয়ান অভিযানের নেতৃত্ব দেন। তিনি ভিলাটি হাতে পাবার পরই বাইরের দিকটা অপরিবর্তিত রেখে ভিলার ভেতরে অনেক পরিবর্তন আনেন। খুব শৌখিন এই ব্যাক্তি বিভিন্ন সময়ে নানা অভিযান থেকে প্রাপ্ত পুরস্কার, সুভ্যেনির, আঠারোশো এবং উনিশশো শতাব্দীর ইংলিশ- জর্জিয়ান এমনকি ফরাসি এন্টিক আসবাবপত্র সংগ্রহ করেছিলেন খুব যত্ন করে।
খুব আশ্চর্য হয়েছিলাম যখন শুনেছিলাম তার জীবদ্দশায় তিনি একুশটা অভিযান সম্পন্ন করেছিলেন। এভারেস্ট জয়, আফ্রিকা ভ্রমণ, উত্তর মেরু অভিযান, কি নেই তার অভিজ্ঞতার ঝুলিতে! তার পর্বতারোহণের স্মৃতিচিহ্নগুলো এখনও তার ইচ্ছা অনুসারে সাজানো রয়েছে। গুইদো মাঞ্জিনোর কোনো উত্তরসূরী না থাকায় তার ইচ্ছানুসারে, তার মৃত্যুর পর ১৯৮৮ সালে ভিলাটি ন্যাশানাল ট্রাস্টকে দান করে দেওয়া হয়। তখন থেকে এর দেখভালের জন্য ন্যাশানাল ট্রাস্ট কাজ করছে।
এতো সুন্দর ভিলা আর তার বাগান যুগ যুগ ধরে শুধু টুরিস্টদের আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত তা নয়, বেশ অনেক হলিউডের সিনেমার সেট হিসেবেও ব্যবহার করা হয়েছে একে। ডেনিয়েল ক্রেইগ এর প্রথম ‘জেমস বন্ড’ মুভি ক্যাসিনো রয়ালের কিছু দৃশ্যের শুটিং হয়েছিলো ভিলার বাগান আর এই দুরিনি লোজ্জার সামনে। ‘অ্যা মান্থ বাই দ্য লেক’ কিংবা ‘স্টার ওয়ার্স’ এর মতো মুভির দৃশ্যায়নের জন্যও এই ভিলাকে বেছে নেওয়া হয়েছিলো।
স্টার ওয়ার্স এর এপিসোড ২ অ্যাটাক অব দ্য ক্লোন্স অ্যা নাব্বো প্ল্যানেটের রিট্রিট লেকের ধারে পাডমে আমিডালা আর এনাকিন স্কাইওয়াকারের সিক্রেট বিয়ের স্মৃতি, মনে আছে? ট্যারেসে দুজনের হাঁটার দৃশ্য, লেকের দিকে মুখ করে দুজনে গাছের নিচে দাঁড়িয়ে সেই কথোপকথন, স্টার ওয়ার্স ফ্যানদের অবশ্য ভুলে যাবার কথা নয়! সেই ট্যারেসে দুজনে হেঁটে এসেছি, বেঞ্চিতে বসে কয়েক ঘণ্টা কাটিয়ে দিয়েছি আমরা। নিজেদের বেশ কিছু সময়ের জন্য স্টার ওয়ার্স কারেক্টার ভাবতে শুরু করে দিয়েছিলাম হা হা হা। নাহ, তেমনটা মোটেই নয়, আসলে এতো সুন্দর ঝিরঝির বাতাস, সূর্যের আলোতে ঝিকমিক করা লেকের বয়ে যাওয়া পানি, মাঝে মাঝে ছুটে চলা বেশ কিছু স্পিড বোট, স্বচ্ছ আকাশ আর দূরের পাহাড় সব মিলিয়ে পরিবেশটা বেশ চমৎকার ছিলো।
মন চাইছিলো না এখান থেকে ফিরে যেতে। হঠাৎ করে আকাশের কোণে রাজ্যের মেঘ জমে আকাশ ডাকতে শুরু করে দিয়েছে, এই বৃষ্টি নামলো বলে! আমরাও তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। আমাদের এবারের ভ্রমণ প্রায় শেষের পথে। সেখান থেকে ছুটলাম কোমো শহরের দিকে।
চলবে...
লেখক: পেশায় একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। যুক্তরাষ্ট্রের বাফেলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বসবাস করেন ইতালির পাভিয়া শহরের ভিয়া কাশশিনাজ্জা এলাকায়
আগের পর্ব
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
