পথ হাজার, একটাই ‘ওয়াইন বাজার’
গন্তব্য এবার প্যারিস থেকে ছয়শ’ পঁচাশি কিলোমিটার দূরের শহর বোর্দো। এটা স্পেন এর দিকে, অর্থাৎ বোর্দো থেকে আর দুইশ’ কিলোমিটার গেলেই স্পেন।
আমাকে ও বন্ধু তানভীরকে নিয়ে অন্ধকার ভেদ করে বনবাদাড় মাড়িয়ে বাসশাঁ শাঁ করে ছুটে চলেছে। তানভীর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাতের জার্নিতে আমার ঠিক ঘুম আসে না।
এই বিদেশে জোনাকিপোকা নেই, আছে নগর সভ্যতার আশ্চর্য আবিষ্কার সোডিয়াম বাতির ঝলমলে আলো। কুপির বাতির মিটিমিটি আলোর সৌন্দর্য আমার প্রিয় মাতৃভূমি থেকেও সেই কবে বিদায় নিয়েছে। তারপরও জেলে,কুমোর বা কোন কৃষকের ঘরে আজও হয়তো কুপি জ্বলে। রাতের পথ দেখানোর জন্য পথচারীর হাতে থাকে সলতে বাড়ানো কুপি।
রাতের আকাশ হলেও ফ্রান্সে নির্মল চাঁদ দেখা ভাগ্যের ব্যাপার। আর আমার দেশের পল্লী গাঁয়ের কোন বাঁশঝাড়ে যদি এই নিশিরাতে ভুল করেও পা ফেললে,ফাঁকফোকর ফুঁড়ে একথাল রূপালি চাঁদ ঠিকই তোমাকে খুঁজে নিবে।
সেই সাথে জোনাকিপোকার মিটিমিটি আলো জ্বেলে পথ দেখানো। ফরাসি দেশের আলো -আঁধারির কৃত্রিমতা থেকে জোনাকি পোকার মিটিমিটি আলোকরশ্মি হৃদয়হীন ডাকাতেরও মন কাড়বে।
চলতি পথে মাঝেমধ্যে বুনো হরিণের ছুটে চলা অবশ্য এক বাড়তি পাওনা এদেশে, যা আমার দেশে দুষ্প্রাপ্য। বনের পশুদের চলাচল নির্বিঘ্ন করতে মাঝেমধ্যেই মাটি ভরাট করে এমনভাবে ওভারব্রিজ বানিয়ে রাখা হয়েছে যেন বুনো হরিণ থেকে নেকড়েবাঘ পর্যন্ত বাঁধাহীন পার হতে পারে। দারুণ পশুপ্রেম এদেশের মানুষের।
সকাল পৌনে পাঁচটায় বাস এসে থামলো। ইন্টারেনেটে হোটেলের ঠিকানা খুঁজে নিয়ে সেদিকে হাঁটা জুড়লাম। রাস্তার পাশে নাইটক্লাব বা বারের সামনে সদ্য তরুণ-তরুণী আড্ডা দিচ্ছে। প্যারিসেও ঠিক এদের মতো এতো উচ্ছল খুব একটা চোখে পড়ে না।
হোটেলে খানিক ঘুমিয়ে নিয়ে বের হয়ে সারাদিনের জন্য নয় ইউরো বিশ সেন্টস দিয়ে দুটো টিকিট কেটে নিলাম আমি আর বন্ধু তানভীর। তারপর ট্রামে চেপে শহরের একমাথা থেকে অন্যমাথার দিকে রওয়ানা দিলাম।
উদ্দেশ্য দু’পাশের দৃষ্টিনন্দন জায়গা দেখে নেওয়া। একটা স্রোতবহা নদী দেখে ট্রামগাড়ি থেকে নেমে পড়লাম। নদীটার নাম গ্যারন, তারই ধার দিয়ে হাঁটা শুরু করেছি। গ্যারন স্পেনের উত্তরে ও ফ্রান্সের দক্ষিণের একটি নদী, এর দৈর্ঘ্য মাত্র ৬০২ কিলোমিটার।
তানভীর জানাল যে,শহর থেকে সাগরের দূরত্ব খুব বেশি নয় বলে নদী এতটা খরস্রোতা। এই নদীর সাথে আমাদের প্রমত্ত পদ্মা বা খরস্রোতা যমুনার তুলনা করলে বোকামি হবে। কারণ, নদীর প্রসার বড়জোর তিন থেকে চারশো মিটার।
তারপরও ছিমছাম গোছানো শহরতলি হওয়ায় অন্যরকম আবেশ ছড়িয়ে দিচ্ছে। এত সুন্দর লোকেশন শুধু সিনেমার পর্দায় বা বিদেশি ভিউকার্ডে দেখা যায়। কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি আর দুইবন্ধু নিজেদের ভালোলাগার উচ্ছ্বাসগুলো প্রকাশ করছি।
সূর্য উঠতে শুরু করার সাথে সাথে স্বাস্থ্য সচেতন ফরাসি নাগরিকরা নদীর ধারঘেঁষা ফুটপাত দিয়ে দৌড়াদৌড়ি, সাইক্লিং ও হাঁটাচলা করতে শুরু করে দিয়েছে। আর আমরা সময় কাটাতে হেঁটে চলেছি। কিছুদূর চলার পরে দেখি ‘মাকসি’ বা প্রাত্যহিক হাট বসতে শুরু করেছে, এটি কমপক্ষে দেড় কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত।
আমরা হাটের মধ্যে ঢুকে ‘সুকোলা’ বা মিষ্টি জাতীয় খাবার কিনে খেলাম। ঠিক তখনও অস্থায়ী তাঁবু খাটিয়ে দোকানপাট খোলার কাজ চলছে, আবার কেউ কেউ নিজেদের পসরা সাজিয়ে বসেছে। কিন্তু ক্রেতাদের আনাগোনা তখনো শুরু হয়নি।
নদীপথে বড় জাহাজ চলাচলে ব্রিজটি অনেকটা লন্ডন ব্রিজের মত উপরে সরে যায়। কিন্তু পার্থক্য হলো লন্ডন ব্রিজ দু’ভাগ হয়ে উপরের দিকে দু’পাশে সরে যায়, আর এই ব্রিজ দু’ভাগ না হয়ে মোটা চেইন ও বড় বড় চাকার সাহায্যে মাঝখানের অংশের পুরোটাই উপরে উঠে যায় এবং নিচ দিয়ে অনায়াসে জাহাজ পার হয়ে যেতে পারে!
ব্রিজ দেখা শেষে ফিরে দেখি ‘মাকসি’ বা হাটে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন টাটকা ফলমূল ও শাকসবজি, সামুদ্রিক শামুক-ঝিনুক, টাটকামাছ ও শুয়োর থেকে শুরু করে সবরকম মাংস বিক্রি হচ্ছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
তবে হাটের বেশিরভাগ জায়গাজুড়ে দেখলাম বিভিন্ন রঙের মদ বা ওয়াইনের দোকান বসেছে। প্রতিটি ওয়াইনের দোকানে টাটকা ওয়াইনের ড্রাম থেকে জার সাজানো, আবার কোন কোনটাতে ছোট মেশিনের সাহায্যে টাটকা ওয়াইন তৈরি করে নগদ বিক্রি করা হচ্ছে। তাই ঘিরে অনেক ক্রেতার ভিড়।
হাটের মধ্যে ঘুরতে ঘুরতে প্রায় এগারটা বেজে গেছে। ট্রামে চেপে হোটেলে পৌঁছে রুমের চাবি নিয়ে দৌড়ে রুমের বিছানাতে শরীর এলিয়ে ঘুমতে গেলাম।
আমি তো তার কথা শুনে পুরাই টাস্কি খেয়ে গেলাম। ইশ! আগে জানলে কয়েকটা ছবি তুলে আসতাম। দ্রুত কথা শেষে তাকে বিদায় জানিয়ে, অগত্যা আফসোস নিয়েই ঘুমুতে গেলাম।
প্রায় চারঘণ্টা ঘুমিয়ে আবার শহর দেখতে বের হলাম। ছোট শহর হলেও তার দৃষ্টিনন্দন স্থাপত্যকর্ম আর ভাস্কর্যগুলো ভ্রমণপিপাসু পর্যটককে বিমোহিত করবে।
এবার আমাদের উদ্দেশ্য পার্শ্ববর্তী আরকাচন শহরে গিয়ে সাগর দেখা। বাসে যাত্রীর ভিড়ে কোন সিট খালি নেই,বোঝা গেল সমুদ্র দেখতে মানুষের আগ্রহ অনেক।
যাওয়ার পথে নতুন করে বনায়নকৃত একটা রেইন ফরেস্ট চোখে পড়লো। বাস আরকাচন স্টেশনে থামলে একটা রেস্তোরাঁতে গ্রেক স্যান্ডউইচ খেতে বসে দেখি মার্কেটের পাশের সুড়ঙ্গ দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে এবং গাংচিল উড়াউড়ি করছে। খাওয়া শেষে আমারও সেই পথে রওয়ানা হলাম, তারপর মিনিট দুয়েক হেঁটে গিয়েই দেখি কাঙ্ক্ষিত সাগরের দেখা পেলাম।
কিন্তু সাগরের যে ঢেউ চোখে পড়ার কথা তার কোন কূলকিনারা পেলাম না। তার একদিকে ছোট ভেসেল আর স্পিড-বোর্ড দেখে সেদিকে হেঁটে গিয়ে দেখি কয়েক হাজার স্পিডবোর্ড ও ছোটছোট ভেসেল বাঁধা আছে। এটা পোর্ট অ্যারিয়া হলেও মূলত মাছের আড়তদারি এলাকা।
তারপর সেটা পেরিয়ে আরও দূরে কিছুদূর যাওয়ার পর দেখি সমুদ্রের সলিল সমাধি ঘটেছে, অর্থাৎ আমরা সমুদ্রের মোহনায় চলে এসেছি। তাই সেখান থেকে আবার উল্টা পথে হাঁটা শুরু করলাম। এবার বালির উপর দিয়ে ঘণ্টা খানেক হেঁটে মূল রাস্তায় উঠে হাঁটা শুরু করেছি। একেবারে সাগরের কোলে চলে আসাতে সমুদ্রজলের প্রমত্ত ঢেউ আর গর্জন আমাদের যেন গিলে নিতে চাচ্ছিলো।
বালুচরে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই ক্লান্ত। কিছুদূর এসে এবার শহরে ফিরে যাওয়ার মূল রাস্তাটা পেয়ে গেলাম। তাই আমরা দৌড়ে গিয়ে এক ড্রাইভারকে অনুরোধসূচক সংকেত দিলে তিনি দয়াপরবশ হয়ে দরজা খুলে দিলেন।
আমি ও বন্ধু তানভীর তারকাছে এক ইউরো করে টিকিট কেটে শেষ গন্তব্যে পৌঁছলাম। শেষ স্টপেজে আসতে আসতে বাস খালি হয়ে গেছে, বাকি আছি যথারীতি আমরা দু’বন্ধু আর ড্রাইভার।
ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, “লাস্ট বাস কতক্ষণ পরে? ”সে জানাল, পাঁচ মিনিট পরে, অর্থাৎ সে আবার ব্যাক করবে। আমরা কোথাও না গিয়ে অপেক্ষা করতে লাগলাম।
