কয়েন না ঢুকালে যে গোসলখানায় পানি পড়ে না
প্যারিসে আসার পর ‘বাংলাদেশি কমিউনিটি অব ফ্রান্স’ ফেসবুক পেজের অ্যাডমিন মাহমুদ দোলন ভাইয়ের আমন্ত্রণে এই প্রথম বনভোজনে যাচ্ছি। বাসের প্রতিটা সিট ভরে গেছে। বাস ছেড়ে দিলো এবং আমাদের সবার উদ্দেশ্য এখন ফ্রান্সের সমুদ্র নৈসর্গের শহর দোভিল!
কবি শওকত ভাইয়ের উপস্থাপনায় আনন্দ ভ্রমণের পাঁচমিশালী প্যাঁচালি চলছে। কবি নাজমা আহমেদ নিঝুম ভাবির স্বরচিত কবিতা আবৃত্তি দিয়ে শুরু হলো এক আনন্দঘন পরিবেশ। সদস্যদের ব্যক্তিজীবনের বিভিন্ন অভিজ্ঞতা, প্রেমের রসায়ন, কবিতা, গল্প ও গানে সবাইকে আনন্দ দেবার প্রতিযোগিতা শুরু হয়ে গেলো।
বাস তার গন্তব্যপথে ছুটে চলছে। তার গতির সাথে দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য- ফ্রান্সের নদীনালা, পাহাড় জনপদও তাল মিলিয়ে ছুটে চলছে।
পথের ধারে ৩০ মিনিটের যাত্রা বিরতিতে সবাই নেমে পড়লাম। তারপর আবার দোভিলে যাত্রা শুরু। এবারও কবি শওকত ও আনজিম ভাইয়ের উপস্থাপনায় এবং দোলন ভাইয়ের ক্যামেরার ঘন ঘন ক্লিকে প্যাঁচালি অনুষ্ঠান চলতে থাকলো। রায়হান আলম রাতুল ভাইয়ের চমৎকার ওষুধ বিক্রির প্রদর্শন ও গানের তালে বাসের মধ্যে এখন আনন্দের আবহ।
এর মধ্যে দোভিলের সমুদ্র তীরে পৌঁছলাম। দুপুরের খাওয়া শেষ ছোটছোট গ্রুপে ভাগ হয়ে সবাই সাগর পানে ছুটলেন। গাঙচিলের ডাকে বিমোহিত হতে হতে সাগর জলে নেমে পড়লাম। লাফাতে লাফাতে সাগরজলে নামতে গিয়ে ঠাণ্ডা জলের ছোঁয়া পেলাম। পানিতে নামতেই আবার ঠাণ্ডা পানির কথা ভুলে গেলাম। রাতুল, সোহান, মনির ভাই ফুটবল নিয়ে ঢেউয়ের তালে তালে খেলায় ব্যস্ত হয়ে গেলেন।
প্রায় তিন ঘন্টা পেরিয়ে যখন ডাঙ্গায় উঠলাম তখন দোলন ভাই আমাদের সঙ্গে যোগ হয়ে সাগরজলে নামবেন বলে প্রস্তুত হলেন। তাই সবাইকে রেখে আমি, মনির ভাই ও দোলন ভাই আবারও পানিতে নামলাম। এবার রাতুল ভাই ছবি ওঠাতে ব্যস্ত হয়ে পড়লেন। আমরা সাগরের ঢেউয়ের সাথে সাথে লাফালাফি করছি। মনে পড়লো পায়ের তলায় শামুক ঝিনুকের খোসার অস্তিত্বের কথা। তাই ডুব দিয়ে আর নোনাজল খেয়ে কিছু শামুকের খোসা উঠিয়ে ক্লান্ত হয়ে ডাঙায় ওঠি। চার ঘন্টা নোনা জলকেলি শেষে পরিস্কার পানিতে গোসল করতে গেলাম।
এমন সময় একজন বের হয়ে দরজা টান দিয়ে চলে গেলো। কিন্তু দরজা বন্ধ না হওয়ায় আমরাও মওকা পেয়ে গেছি। হুড়মুড়িয়ে ঢুকে গেলাম। প্রথমে দোলন ভাই এবং আমি। তারপর বাকিরা গোসল সারলো। শেষজন অর্থাৎ মনির ভাই গোসল করার সময় সেখানকার একজন স্টাফ এসে ফরাসি ভাষায় কি যেন বলতে লাগলো। তার আগামাথা কিছুই বুঝলাম না। তাকে ইংরেজি জানে কিনা বললে সে পারে না বলে চলে গেলো।
যতটুকু বুঝলাম সে দরজা বন্ধ করতে এসেছে। যা হোক, সবাই গোসল সেরে তাড়াতাড়ি সেখান থেকে সটকে অন্য পথ দিয়ে চলে এলাম।
তারপর শহরের একটা কফিশপে কফি খেয়ে আশপাশের সৌন্দর্য উপভোগ করছি। পাহাড়ের মাঝে খাপে খাপে বসতবাড়ি ও গাঙচিল। পাখপাখালির উড়াউড়ির মধ্যে সিবোর্ড ও সামুদ্রিক মাছ। এর মাঝে একটা সার্কাস হাউজ দেখতে পেয়েছি। তার পাশে হাতি, ঘোড়া, উট, গরু, বনগরু, জেব্রা, গাধা। সাদাটে উন্মুক্ত চেহারার হাফপ্যান্ট পরা মেয়ে আর পিচ্চি পোলাপানের খেলাধুলা দেখতে দেখতে বাসের কাছে চলে এসেছি।
এসে দেখি সবাই সেখানে অপেক্ষা করছে। আবার প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের পিছনে পড়ে থাকলো অপার সৌন্দর্যরূপের প্রাকৃতিক পরিবেশ ও সাগরের লীলাভূমি। যা কিছুক্ষণ আগেও আমাদের সবাইকে বিমোহিত করে রেখেছিল।
