ফ্রান্সের পথে-প্রান্তরে জন্মভূমির স্বাদ
নগরজীবনের ব্যস্ততা থেকে সাময়িক পরিত্রাণ পেতে ক্ষণিকের জন্য ট্রেনে চাপলাম সেদিন। তারপর চলে এলাম মিনিট চল্লিশের দূরত্বে প্যারিসের পার্শ্ববর্তী শহরতলী ভাল দ্যুঁ সেইনে।
শহরতলীর পাহাড়ি পরিবেশে হাঁটতে লাগলাম। পথে নারকেল, বরই জাতীয় ফলের গাছ পেয়ে একটা ফল পেড়ে আবারো হাঁটতে লাগলাম। কিন্তু অচেনা ফলটি খাওয়া যাবে কি না বুঝতে পারছিলাম না।
কিছুদূর যাওয়ার পর এক ফরাসি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, 'পু জো মজে ?' (এটি কি খাওয়া হয়?)
ভদ্রলোক আমার দৈন্যদশা বুঝতে পেরে বললেন, 'উই ! ছে বিয়া।' (হ্যাঁ,অনেক মজার ফল, কোথায় পেলি ?)
এইতো সামনে একটু দূরে বলে তাকে দেখিয়ে দিলাম। তারপর সেটা খেয়ে দেখি, চমৎকার ও সুস্বাদু পুষ্টিকর ফল। আমার ভ্রমণ সঙ্গী বড়ভাইকে জানানোর পর তিনি বললেন যাওয়ার সময় খাওয়া যাবে।
কিছুক্ষণ পাহাড়ি রাস্তায় হাঁটার পর গলা শুকিয়ে যেতে লাগল। ফলে দুজনেই ওই বরই জাতীয় গাছটির কাছে ফিরে এলাম। গাছটা ছোট হলেও গাছের ডালপালা জুড়ে অনেক পাকা ফল, কিছু ফল নিচেও পড়ে আছে। সম্ভবত আমরা দুজনই প্রথম ওই গাছের ফল খেলাম, তৃষ্ণা নিবারণ করলাম। তারপর আরও কিছুটা ব্যাগে ভরে সেখান থেকে পাহাড়ের পাদদেশে অর্থাৎ স্টেশনের দিকে মূল শহরের ভেতরে ঢুকলাম। এবার উদ্দেশ্য পাহাড়ের উপর থেকে দেখা সবুজে ঘেরা নদীর নদীর পাড়ে বসে সময় কাটানো।
যাহোক, সাত-পাঁচ ভাবতে ভাবতে খোলা দরজা দিয়ে ভেতরে উঁকি দিলাম। দেখি দুজন বয়স্ক ফরাসি ভদ্রলোক কথা বলছেন। আমাদের দেখে কথা থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে পরখ করে নিয়ে জিজ্ঞেস করলো, কোথা থেকে আসছি এবং কী জন্য আসছি?
বললাম,আমরা প্যারিস থেকে এখানে ঘুরতে এসেছি।
তিনি আন্তরিকতার সাথে আমাদের স্বাগতম জানালেন। বললেন, এটা তার নিজস্ব জাদুঘর।
ভদ্রলোকের নাম মি. গি এবং পাশে তার বন্ধুটির নাম ড্যানিয়েল।
আমরা ভেতরটা একটু ঘুরে দেখতে পারি কি না বললে তিনি হাসিমুখে ঘুরে দেখার সম্মতি জানালেন। আমরা ঘুরতে মনোনিবেশ করলে তিনি বন্ধু ড্যানিয়েলকে নিয়ে মদ্যপানে বসে গেলেন।
একটু এগিয়ে তার সংগ্রহে কিছু দুর্লভ কবুতরের দেখা পেলাম। তার দিয়ে ঘেরা একটা বড় ঘরে উন্মুক্ত অবস্থায় আছে কবুতরগুলো।
কবুতরের ডাকে ছোটবেলায় ফিরে গেলাম। ছোটবেলায় গ্রামের বাড়িতে আমি এবং আমার বড়ভাই বিভিন্ন জাতের কবুতর পুষতাম। ছোটবেলায় ডিগবাজী কবুতর পোষা নিয়ে বন্ধু-বান্ধবদের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা চলতো। কারণ ডিগবাজি দেওয়া কবুতর সব জায়গায় পাওয়া যেত না। যতদূর মনে পড়ে বাড়ি থেকে কমপক্ষে কুড়ি মাইল দূর থেকে দুই ভাই একজোড়া ডিগবাজি দেওয়া কবুতর কিনেছিলাম দেড়শ' টাকা দিয়ে। তখন সাধারণ একজোড়া কবুতর মাত্র বিশ টাকায় পাওয়া যেত।
সকাল কবুতরগুলোকে খেতে দিলে বাকবাকুম শব্দ করতে করতে হাতে ও মাথায় বসে পড়তো। হাততালি দিলে আকাশে ডিগবাজি খেলতো।
একটু পাশেই আরেকটি খাঁচায় কয়েকটি বড় খোরগোশের দেখা পেলাম। গ্রামে ছোটবেলায় বনভোজনের জন্য প্রায়ই খরগোশ ধরতে কেরু অ্যান্ড কোং-এর মাঠে ছুটে যেতাম। শীতকালে বন্ধুরা মিলে আখ খেতের মধ্যে বা ছোলা-মশুরের মাঠ দাপিয়ে খরগোশ খুঁজতে লেগে পড়তাম। মাঝেমধ্যে দুই-একটা পেলে ধরে পিকনিকের আয়োজন মেটাতাম।
সবশেষে নদীর পাশে একঝাঁক রাজহাঁসের অবাধ বিচরণ। তবে সবচেয়ে বড় চমক ছিল নদীর তীরে জন্মানো পদ্ম গাছ।
বিদেশ-বিভূঁইয়ে এসে আমার ছোটবেলার স্মৃতির ভিড়ে প্রায়ই হারিয়ে যাই। ফ্রান্সের অপরূপ প্রকৃতি আমাকে আমার বাংলা মায়ের কোলে ফিরিয়ে নিয়ে যায়। সেজন্য সুযোগ হলেই বারবার ছুটে যাই ফ্রান্সের পথে-প্রান্তরে, জন্মভূমির স্বাদ আস্বাদনে।
মিউজিয়াম দেখা শেষে মি. গি'র কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে একটু দূরে খোলা প্রান্তরে বসলাম। সবুজ ঘাস দেখে জুতাজোড়া খুলে খালি পায়ে একটু হেঁটে নিলাম।
স্টেশনে যেতে যেতে বিভিন্ন জানা-অজানা ফলের গাছ এবং ল্যাম্পপোস্টে রঙবেরঙ এর ফুল দেখতে দেখতে চোখ জুড়িয়ে নিলাম। একটু পরেই প্যারিসের ট্রেন ধরলাম। আমাদের পেছনে পড়ে রইলো সবুজে ঢাকা একটা পাহাড়তলি ও সেখানকার প্রাকৃতিক বৈচিত্র্য।
লেখক: ফ্রান্স অভিবাসী, ইমেইল: m.tara006@yahoo.com
এই লেখকের আরও পড়ুন:
