প্যারিসে প্রথম পা
আমি যেদিন প্রথম ফ্রান্সের মাটিতে পা দেই, সেদিন খুব ভোরে আমাকে ‘ইউনিভার্সিটি সেইন্ট ডেনিস’ নামে একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়। আমাকে গাইড বললেন, তুমি প্যারিসে চলে এসেছো। বলেই সে বিদায় নিলো।
এক বছর আগে থেকে এখানে আমার আরেক বন্ধু পড়াশোনা করে। তাকে ফোন দিয়ে বললাম, আমি প্যারিসে পৌঁছে গেছি। এখন কিভাবে তোমার কাছে আসবো?
বন্ধু ফোনে জানতে চাইলো, আমি এখন কোথায় আছি?
আমি জায়গা বা ভাষা কিছুই চিনছি না বলে মহা ফাপড়ে পড়ে গেলাম।
ফ্রান্সে অভিবাসন প্রক্রিয়া অপেক্ষাকৃত নমনীয় ও জীবনযাত্রার নির্ভরযোগ্য মানের জন্য আমার মতো সারা বিশ্ব থেকেই অনেক অভিবাসী এখানে আসেন। ফলে ফ্রান্স হয়ে উঠেছে একটি মাল্টি-কালচারাল দেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানকার মানুষজন ফরাসী ভাষা ছাড়া অন্যান্য ভাষা একদমই জানেন না। নতুন আসা অভিবাসীদের জন্য চলাচল করাটা তাই খুব কঠিন হয়ে যায়।
যা হোক, মূল ঘটনায় আসি। আমার বন্ধুটি আশপাশের মানুষের কাছ থেকে জায়গার নাম জেনে নিতে বললো। ফুটপাত দিয়ে চলাচলরত কয়েকজনের কাছে ইংরেজিতে জায়গার নাম জিজ্ঞেস করলাম। কিন্তু কেউ ইংরেজি জানে না বলে বিদায় নিচ্ছে।
প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আমি জায়গার নাম উদ্ধার করতে পারলাম না। এদিকে বন্ধু তানভীর বারবার ফোন দিয়ে জানতে চেষ্টা করছে আমার অবস্থান। তারপর তার কথামত রাস্তায় এক লোককে জোর করে ইশারায় মোবাইলটা দিয়ে কথা বলতে বললাম।
বন্ধুর কথামতো মিনিট খানেক দূরত্বের একটা কফিশপে গিয়ে ঢুকলাম। ওখানে সবার কাছে যেটা হালকা শীত, আমার কাছে সেটা বরফকলে হাঁটার মতো ঠাণ্ডা।
ব্যাগপত্র রেখে একটা কফি আর কেক জাতীয় খাবারের অর্ডার দিলাম। দোকানদার আমার দিকে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে ‘সিকুয়াছা’ বলে উঠল।
আমি আগামাথা কিছু না বুঝতে পেরে তাকে আবারও ইংরেজিতে বললাম খাবারের কথা। তখন সে ‘পাস অঙলে, পারলি ফ্রান্সিস’ (নো ইংলিশ, স্পিক ফ্রেঞ্চ?) বললেন। তা দেখে অনুমান করে নিলাম দোকানদার ইংরেজি জানে না। তাই এবার বোবার ভাষায় কেকটা দেখালাম, তারপর ‘ওয়ান কফি প্লিজ’ বললাম। সে মেশিন দেখে দাঁত কেলিয়ে হেসে বললো, ‘ক্যাফে কম্বিয়া.......আ, দো, ত্রয়া, ক্যাথ?’ (কফি কয়টা... এক, দুই, তিন, চার?)
আমি আগামাথা কিছুই বুঝলাম না। তারপর ইশারায় বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল দেখিয়ে মুখে ‘ওয়ান কাপ’ বললে সে টাকা চাইলো, ‘লা মনি’ অর্থাৎ মানি বা টাকা। বিশ ইউরোর একটা নোট দিলে সে কফির জন্য তিন টাকা আশি সেন্টস বা পয়সা রেখে বাকিটা ফেরত দিল।
আমি এক কাপ কফি বলে আঙুল দেখালাম।
সে আমাকে ‘উই সিবো’ (হ্যাঁ, ঠিক আছে) বলে সেই একই আঙুল দেখিয়ে দাঁত কেলিয়ে হাসি দিলো।
আমি কিছু না বোঝায় কফি নিয়ে হাসি দিয়ে চেয়ারে বসে পড়লাম। পরে বুঝতে পেরেছিলাম যে, এখানে বৃদ্ধাঙ্গুল থেকে গণনা শুরু হয়।
প্রায় পৌনে এক ঘন্টা পর বন্ধুটি এসে ফোন দিলো। ব্যাগপত্র রেখে কফিশপ থেকে বের হয়ে আসলাম। সে আমাকে দেখে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলো।
অনেকদিন পর দুই বন্ধু আয়েশ করে একটা সিগারেট ধরিয়ে গল্প জুড়ে দিলাম। আমরা এখন থেকে একসঙ্গেই থাকবো। তারপর তার পরিচিত আরেকজন আসলে আরেক দফা কফি খেয়ে ট্রামে চেপে বাসায় রওয়ানা হলাম।
লেখক: ফ্রান্স অভিবাসী, ইমেইল: m.tara006@yahoo.com
এই লেখকের আরও পড়ুন:
