২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী কর্মসূচী ও নিজস্ব মত

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে দেশের প্রতিটি সচেতন নাগরিক তার নিজের মত করে প্রতিবাদ করেছে বলেই মনে করি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোয়াজ্জেম হোসেন তারা, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 09:46 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

পুরনো খবর:

ফ্রান্সে রামপাল চুক্তি বাতিলের দাবিতে গণস্বাক্ষর
‘যে নগ্ন মূর্তির সৌন্দর্য বর্ণনার সাহস আমার নেই’
ফ্রান্সের পথে-প্রান্তরে জন্মভূমির স্বাদ
কয়েন না ঢুকালে যে গোসলখানায় পানি পড়ে না
প্যারিসে প্রথম পা

প্রবাসে বসে মনে হয়েছে যিনি রাজনীতি বিমুখ তিনিও তার মত ফেইসবুকে বিরোধিতা করে নিদেনপক্ষে একটা স্ট্যাটাস দিয়েছেন।

আবার যেসব নাগরিক ফেইসবুকের মত আধুনিক সামাজিকতার নাগালে পৌঁছাতে সামর্থ্যবান নন তারাও রামপাল-এর পক্ষে বিপক্ষে দু’টো কথা বলেছেন, সেটি চায়ের দোকানির কাছে জিজ্ঞাসা করলে দ্বিমত করবেন না বলেই মনে হয়।

প্রবাসী বাংলাদেশিরাও তাদের মত করে প্রতিবাদে মুখর হয়েছে। এর মধ্যে কেউ কেউ বিশেষজ্ঞ পর্যায়ের লোক আছেন যারা বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ অবদান রেখেছেন।

আবার কেউ কেউ বিশেষজ্ঞ না হলেও খেটে খাওয়া প্রবাসী কর্মী যাদের অবদানে বৈদেশিক মুদ্রায় রিজার্ভ ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাধারণ এসব প্রবাসীদের মুখে মুখে সুন্দরবন নিয়ে হতাশা কাজ করছে।

পৃথিবীর অন্যান্য দেশ যেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে চেষ্টা করছে এবং অনেক দেশ পুরোপুরিভাবে বন্ধ ঘোষণা করেছে (যেমন-ফ্রান্স ইতোমধ্যে ঘোষণা করেছে)।

আমাদের দেশ হয়ত উন্নত বিশ্বের মতো আধুনিক কারিগরি ব্যবস্থায় অভ্যস্ত হতে পারেনি বা সে ব্যবস্থায় যাওয়ার জন্য বিকল্প কোন ব্যবস্থা নেওয়ার চিন্তা করার সামর্থ্যও লাভ করেনি। তাই কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের দিকে ঝুঁকছে।তাতেও তৃতীয় বিশ্বের একজন নাগরিক হিসাবে আমরা দোষের কিছু দেখছিনা।

কিন্তু কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে হলে তার একটা নিয়মনীতি আছে এবং সেটা যদি বিশেষায়িত কোন বনাঞ্চল বা প্রাকৃতিক বনের আশেপাশে হয়, তবে তার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্দিষ্ট সীমারেখা আছে।

রামপাল আমাদের প্রাকৃতিক বনাঞ্চল ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কাছেই যেখানে কয়েক হাজার প্রজাতির পশুপাখি ও উদ্ভিদ রয়েছে।তাকে বিপদে ফেলার কতটুকু ঝুঁকি আমরা নিতে পারি!

সরকার এখানে রাষ্ট্রের স্বার্থ না বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করতে চলেছে তা স্বাভাবিকভাবে কারও বোধগম্য না!

দেশের সাধারণ মানুষের মত সরকারি দলেরও অনেকের রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপত্তি রয়েছে। এদের অনেকেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এর চিন্তা করে প্রকাশ্য কিছু বলতে না পারলেও, বিভিন্ন ঘরোয়া আসরে ঠিকই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

কিছুদিন আগেও বাংলাদেশ থেকে দু’জন কবি প্যারিস ঘুরে গেলেন যাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম তারাও রামপালের মত জায়গায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হোক সেটা চান না।

কিন্তু সরকারের কর্মকর্তা হওয়ায় নিজেদের ক্ষোভ প্রকাশ করতে পারছেন না। আমরা প্রবাসীরাও দেশের প্রাকৃতিক বনভূমি নষ্ট করে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হোক তা চাই না।

কারণ, টেকনিক্যালি কতটুকু ক্ষয়ক্ষতি হবে তা বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন পরিমাপ করলেও একজন সাধারণ মানুষ হিসেবে যদি খালি চোখে বিশ্লেষণ করি, তবে দেখতে পাবো- বিদ্যুৎ কেন্দ্রে যে লাখ লাখ টন কয়লার প্রয়োজন হবে তা আনতে হলে পশুর নদী ব্যবহৃত করা হবে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

আর এই পশুর নদীর গতিপথ হলো সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত। তাহলে এই লাখ লাখ টন কয়লা আনতে যে মালবাহী ভেসেল বা জাহাজ চলাচল করবে তা থেকে যে শব্দ দূষণ হবে কিংবা দুর্ঘটনাজনিত কারণে পরিবেশগত বিপর্যয় ঘটবে তার কোন হিসাব নেই। তাই, সরকারের এরকম হটকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি।

প্রবাস জীবনে পরবাসী হয়েও মাতৃভূমি ও দেশের জন্য যে মমত্ববোধ কাজ করে তা গুটিকতক স্বপ্নবাজ মানুষকে না দেখলে বিশ্বাস হবে না। তাই আলো ঝলমলে স্বপ্নের শহর ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বরে জড়ো হয়েছিলেন।

সেখানে চলে গণস্বাক্ষর ও প্রতিবাদী সমাবেশ। বিপুল সংখ্যক ফরাসী নাগরিকও সাক্ষর দেন। এছাড়া ফরাসি পরিবেশবাদী একটা সংগঠনের সাথে জড়িত একজন নারী এই আন্দোলনকে তাদের সংগঠনের সাথে যৌথভাবে ও বৃহৎ আকারে করার পরিকল্পনার কথা বলেন এবং আলোচনার আহ্বান জানান আন্দোলনকারী আলোচকের সাথে।

আন্দোলন মূলত বাংলাদেশ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফ্রান্স শাখার ব্যানারে হলেও দলমতের উর্ধ্বে এসে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত প্রবাসীরা বিভিন্ন স্লোগান তোলেন- সুন্দরবন আমার মা, সেভ সেভ সুন্দরবন, সলিডারিটি বাংলাদেশ ইত্যাদি!

আয়োজক কমিটির নিলয় সুত্রধর ও মামুন ভাইয়ের ডাকে সেখানে হাজির হয়ে মাতৃভূমির প্রতি যে টান নতুন করে উপলব্ধি করলাম। রামপাল ইস্যু নিয়ে আমার বন্ধুদের মত বিরোধিতা করে ফেসবুকে আমিও দু’চার লাইন লিখেছি।

কিন্তু স্শরীরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী সমাবেশে উপস্থিত থেকে মাতৃভূমির প্রতি দায় মেটাতে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ধন্য হলাম।

কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না হয়েও কেন আমি সেখানে গেলাম- এরকম প্রশ্ন কেউ করতে পারেন।

তাদের উদ্দেশে বলতে চাই, আওয়ামী লীগ বা বিএনপি নয় দেশাত্মবোধক প্রশ্নে ব্যক্তি ‘আমি’কে চিন্তা না করে একজন দেশপ্রেমিক হিসেবে হাজির হোন। সেইসাথে সরকারের খারাপ কাজের প্রতিবাদ করুন ও ভাল কাজের প্রশংসা করুন।

তাহলে, দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে যাবে। সর্বোপরি, দেশের মঙ্গলজনক কাজে সহযোগিতা করুন এবং শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে রাজাকার ও দেশদ্রোহী শক্তির বিপক্ষে প্রতিবাদ করতে শিখুন।

লেখক: ফ্রান্স অভিবাসী,

ইমেইল: m.tara006@yahoo.com