ফ্রান্সে রামপাল চুক্তি বাতিলের দাবিতে গণস্বাক্ষর
ফ্রান্সের প্যারিসে সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে প্যারিসের রিপাবলিক চত্বরে এ কর্মসূচী পালন করে ‘তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফ্রান্স শাখা’।
জাতীয় কমিটির সদস্য সচিব সাখাওয়াত হোসেন হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহন্নাদ রিপন, মো. রাকিবুল ইসলাম, সদস্য আহাম্মেদ আলী দুলাল, রমেন্দ্র কুমার চন্দ, রহমতুল্লাহ চৌধুরী সুজন, নিলয় সুত্রধর সুমন, মহুয়া সিংহ সামান্তা, ইয়াসমীন আক্তার, সারদা মনি রায়, মো. গোলাম মোর্শেদ, জুয়েল দাস রায়, মেহেদী হাসানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের পাশাপাশি প্রবাসেও রামপালে প্রকৃতিবিনাশকারী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে। কিন্তু সরকার সেদিকে কান না দিয়ে কিছু অসাধু মুনাফালোভী ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করে চলছে।
সরকারকে অচিরেই এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে জাতীয় কমিটির ‘ঢাকা চলো’ কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করেন প্যারিস প্রবাসী শিল্পী মুহিত, মাহবুবুর রহমান, মিজানুর রহমান লাভলু, মোয়াজ্জেম হোসেন তারা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রতিবাদ সমাবেশের পাশাপাশি এই দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সেইসঙ্গে দাবির পক্ষে যুক্তি সম্বলিত প্রচারপত্র বাংলা,ইংরেজি ও ফরাসি ভাষায় অনুবাদ করে সকলের মাঝে বিতরণ করা হয়।
গণস্বাক্ষর কর্মসূচীসহ ধারাবাহিক এ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় কমিটির নেতারা।
