২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে নগ্ন মূর্তির সৌন্দর্য বর্ণনার সাহস আমার নেই’

প্রায় মাস ছয়েক হতে চললো প্যারিসে স্থায়ীভাবে থাকতে এসেছি। কিন্তু ল্যুভর মিউজিয়ামের ভেতর এখনও যাওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোয়াজ্জেম হোসেন তারা, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 06:50 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

পুরনো খবর:

ফ্রান্সের পথে-প্রান্তরে জন্মভূমির স্বাদ
কয়েন না ঢুকালে যে গোসলখানায় পানি পড়ে না
প্যারিসে প্রথম পা

এর আগে একবার এসে মিউজিয়ামের সামনে থেকে ছবি তুলেছিলাম। আর টিকিট খরচ বাঁচিয়ে বন্ধুদের সাথে দু'বেলা উদরপূর্তি করেছি। ভেবেছিলাম, ফ্রান্সে যখন স্থায়ীভাবে আবাস গেড়েছি, তখন সময়-সুযোগ মতো আবার আসা যাবে।

এরপর একদিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ভেতরে ঘুরে দেখব। সাথে লন্ডন থেকে বেড়াতে আসা আমার ভার্সিটির এক বন্ধুকেও নিয়ে এলাম। বন্ধুটি এসেছে শিল্পকলা ও ফ্যাশনের রাজধানী প্যারিসের নান্দনিকতা স্বচক্ষে ঘুরে দেখতে।

যাহোক, বন্ধুকে নিয়ে মেট্রোতে চেপে ল্যুভর মিউজিয়ামের নির্দিষ্ট স্টেশনে পৌঁছলাম। তারপর পাতাল পথ ধরে সোজা ল্যুভর মিউজিয়ামের সামনে চলে গেলাম।

যদিও পাতালপুরী দিয়েই ল্যুভর মিউজিয়ামের অন্দরমহলে ঢোকা যায়, তারপরও মিউজিয়ামের সামনে দৃষ্টিনন্দন ভাস্কর্য, কাচের পিরামিড ও স্থাপত্যশৈলী দর্শন থেকে বন্ধুকে বিমুখ করব না বলেই এই সিদ্ধান্ত নেয়া।

পিরামিডকে সাথে নিয়ে বন্ধুর কয়েকটা ছবি তুলে দিয়ে ভাবছি, এত বড় লাইন ঠেলে কীভাবে ভেতরে যাব! কারণ সামনে বিশাল বড় দুটো লাইন। কম করে হলেও হাজার দুয়েক দর্শনার্থী ভেতরে ঢোকার অপেক্ষায়।

নিরাপত্তা বেষ্টনি পার হয়ে ছোট দরজা দিয়ে ঢুকতে কমপক্ষে ঘণ্টা দুয়েক লেগে যাবে। তাই সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করলাম, পর্যটকদের জন্য বিশেষ কোন ব্যবস্থা আছে কিনা?

নিরাপত্তারক্ষী বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, আমরা কোথা থেকে এসেছি?

আমি প্যারিস থাকি এবং আমার বন্ধু লন্ডন থেকে এসেছে বলে জানালাম তাকে। নিরাপত্তারক্ষী জানতে চাইল, টিকেট কাটা আছে কিনা!

পনেরো ইউরো দিয়ে কেনা টিকেট দেখালে সে পাশের কাচের তৈরি ভিআইপি গেট দিয়ে ঢোকার ব্যবস্থা করে দিল। কয়েক মিনিটের মধ্যেই এস্কেলেটর দিয়ে ল্যুভর মিউজিয়ামে ঢুকে গেলাম।

ঢুকতেই ভ্যাবাচ্যাকা খাওয়ার দশা হল। বিশাল আয়তনের পৃথিবী বিখ্যাত ল্যুভর মিউজিয়ামের ভেতরে সব ফ্রেঞ্চ ভাষায় অনুদিত লেখা আর নির্দেশনা ! ফ্রেঞ্চ না জানা পর্যটকের জন্য এটা চরম হতাশাজনক।

মিউজিয়ামে বিখ্যাত সব চিত্রকলা ও ভাস্কর্য থাকলেও দর্শনার্থীদের মূল আকর্ষণ লিওনার্দো দ্য ভিঞ্চির অমর চিত্রকর্ম 'মোনালিসা'র ছবি। অন্য সবার মতো আমাদেরও প্রধান আকর্ষণ মোনালিসা।

সেদিকে রওয়ানা দিলাম। যাওয়ার পথে দেয়ালের দু'ধারে সাজিয়ে রাখা বিখ্যাত সব চিত্রশিল্পীর আঁকা মনোমুগ্ধকর ছবি চোখ ধাঁধিয়ে দিতে লাগলো। প্রত্যেকটি ঘরের ছাদের নিম্নভাগে এমন কিছু চিত্রায়ন চোখে পড়বে, যা না দেখলে মানুষের সৃষ্টিশীলতা সম্পর্কে ধারণা পাওয়া অসম্ভব।

আমাদের হাতে সময় খুব একটা বেশি না থাকায় অমর সৃষ্টির ছবিগুলোতে কোনরকম চোখ বুলিয়ে প্রিয়তমা মোনালিসার দিকে ছুটলাম। আশপাশের ছবিগুলো দেখতে দেখতে ঘণ্টা খানেক পর বহুল কাঙ্ক্ষিত মোনালিসার ছবির সামনে এসে পৌঁছলাম।

বুকের মধ্যে একটা ঝড় অনুভব করতে পারছি, উত্তেজনায় হাত-পা কাঁপছে। সারা শরীরে একটি ভালো লাগা শিহরণ খেলে যাচ্ছে। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত মোনালিসার ছবি দেখতে পারছি। সেই ছোটবেলায় স্কুলে মোনালিসার বর্ণনা পড়ে তার প্রেমে পড়েছিলাম। স্বপ্ন দেখতাম, যদি কখনো অনেক টাকার মালিক হতে পারি তবে অবশ্যই মোনালিসাকে দেখতে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে যাব।

আমি মোনালিসার মূল ছবির সামনে দাঁড়িয়ে আছি। ছোট রুমটাতে মোনালিসাকে ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ কেউ ভিড় ঠেলে সেলফি ওঠাতে নানারকম কসরত করছে। যেন মোনলিসাকে ঘিরে একদল প্রেমিক মল্লযুদ্ধে নেমে পড়েছে।

কোন ছবি বা ভাস্কর্যের আশপাশে নিরাপত্তারক্ষী বা বেষ্টনি চোখে না পড়লেও মোনালিসার সামনে নিরাপত্তা বেষ্টনি ও কয়েকজন সিকিউরিটি গার্ড সদা দণ্ডায়মান। কর্তৃপক্ষ কতটা সচেতন আছে মোনালিসার নিরাপত্তা নিশ্চিত করতে, তা বোঝা যাচ্ছে।

এখানে নগ্ন মূর্তিগুলো ও মোনালিসার সৌন্দর্য বর্ণনা দেবার সাহস আমার নেই। কিন্তু ছবিটা প্রথম কোন দর্শনার্থী দেখলে আমার মতো ছোটখাটো একটা শক খাবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ মোনালিসার ছবির উচ্চতা ও প্রসারতা দেখে সবাই নিজের মনঃকল্পিত মোনালিসার সাথে মেলাতে ব্যর্থ হবেন। মাত্র দেড় ফুটের মতো ছবি দেখে একটু হলেও বড় সাইজের মোনালিসা দেখার খায়েশ মিটবে না। তারপরও একটা স্বপ্ন আর ভালবাসার স্বাদ পূরণ হওয়ার আনন্দ কোন অংশেই কম প্রাপ্তি নয়। তাই প্রত্যেক দর্শনার্থী অন্যরকম ভালোলাগার অনুভূতি নিয়ে ফিরে যায়।

ভিড় বাড়তে থাকায় ধাক্কাধাক্কিতে কিছুটা বিরক্ত হয়ে আপনি মোনালিসাকে বিদায় দিয়ে আরও কিছু সৃষ্টিশীল কর্ম দেখতে ছুটবেন। এবার দোতলায় গিয়ে মহাবীর নেপোলিয়নের সরাইখানা আর ফ্রান্সের রাজাদের মাথার মুকুট, ব্যবহারিত দ্রব্য থেকে মিশরীয় তৈজসপত্র ও বিভিন্ন তৈলচিত্র চোখে পড়বে। প্রত্যেকটি জিনিস ইতিহাসের এক পত্রপাঠ নিয়ে হাজির হবে। দুর্লভ তৈলচিত্রের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারণ সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।

দোতলা ঘোরাঘুরি শেষ হলে তিনতলাতে গেলে কিছু তৈলচিত্র দেখতে পাবেন যেখানে মানব-মানবীর প্রেমের চিত্র ফুটে উঠেছে। এখানে যেমন জীবন্ত নারী দেহের নগ্ন চিত্র আঁকা আছে, তেমনি আছে পুরুষ কুলের আবার কোথাও দেবতাদের জীবন চরিত্র এবং তাদের জীবন ধারণের কল্পিত দৃশ্যপট চিত্রিত করা হয়েছে। এগুলো বুঝতে আপনাকে শিল্পবোদ্ধা হওয়ার কোন দরকার নেই।

এসব দেখা হলে এবার দ্রুত নিচতলায় নামেন। এক্কেবারে আন্ডারগ্রাউন্ডে আপনার জন্য অপেক্ষা করছে পৃথিবীর সপ্তম আশ্চর্য থেকেও বড় শিল্পকর্ম মিশরিয় মমি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন যতক্ষণ না নাকে গন্ধ অনুভূত হয়।

তারপর সেখান থেকে সামনের দিকে এগিয়ে যান। তাহলে দেখতে পাবেন প্রাচীন কিছু দেব-দেবীর প্রতিমূর্তি। সারা পৃথিবী থেকে সংগৃহীত দুর্লভ কিছু উপাদান, যা আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করবে। সামনে যত হাঁটবেন ততই বিভিন্ন মূর্তি বা দুর্লভ ভাস্কর্য দেখে অভিভূত হতে থাকবেন।

এর মধ্যেই সিকিউরিটি গার্ড আমাদের সতর্ক করে দিল, দ্রুত বের হতে হবে। কারণ মিউজিয়াম বন্ধ হবে এবং আজকের মতো বরাদ্দকৃত সময় শেষ।

ল্যুভর মিউজিয়াম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইলে এক সপ্তাহেও দেখা শেষ হবে না। তাই ল্যুভর মিউজিয়াম দেখতে হলে সময় হাতে নিয়ে আসবেন অথবা খুব দ্রুততম সময়ে কোনরকম চোখ বুলিয়ে নিতে থাকবেন। নইলে মিউজিয়ামের একটা বড় অংশই আপনার অদেখা রয়ে যাবে।

তবে যে জিনিসটা আপনাকে হতাশ করবে তা হলো, প্রত্যেকটি দর্শনীয় বস্তুর বর্ণনা ফ্রেঞ্চ ভাষায় অনুদিত। তাই ইতিহাস বা পুরাকীর্তির ছাত্র বা গবেষক হলে দোভাষী নিয়ে গেলে উপকৃত হবেন।

লেখক: ফ্রান্স অভিবাসী, ইমেইল: m.tara006@yahoo.com