ধন্যবাদ ইউনেস্কো, অভিনন্দন প্রিয় বাংলাদেশ
ঘুম থেকে উঠে দেশে থাকা প্রিয় মানুষটির সাথে যোগাযোগের অ্যাপ ইমোতে ভিডিও কলে ছিলাম । এমন সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে বেরসিকের মত মেসেজ!
বার্তা সংস্থাটির প্রবাস বিভাগ থেকে মেসেজ দিয়েছে ‘ইমার্জেন্সি কল’ দেওয়ার জন্য। আমি ভাবছি কথা শেষ হলেই ফোন দিব, কিন্তু তার আগেই আবার ফেইসবুক মেসেঞ্জারে কল ।
কয়েকদিন ধরে আবহাওয়া পরিবর্তনজনিত ঠাণ্ডা জ্বরে ভুগছি। নিজের প্রতি অনিয়ম করি বলে ভিডিও কলে থাকা প্রিয় মানুষটি ভ্রুকুটি করে ভৎর্সনা করছিল। এবার উছিলা পেয়ে তার অভিমান এড়াতেই তাড়াতাড়ি কলব্যাক করলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে।
প্রবাস বিভাগ থেকে জানতে চাওয়া হলো- ‘পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত করা হয়েছে’- সে ব্যাপারে কিছু জানি কিনা!
ফ্রান্সের প্যারিসেই ইউনেস্কোর সদর দপ্তর। সেখানে থাকি বলেই খবরটির সত্যতা নিশ্চিত ও যাচাই করার অনুরোধ করা হল। শুনেই ব্যক্তিগত ভালো লাগা তৈরি হলো। কারণ মঙ্গল শোভাযাত্রা নিয়ে এর আগে ফেইসবুকে পোস্ট দেওয়ায় ব্যক্তি আক্রমণের শিকার হয়েছিলাম।
তাৎক্ষণিকভাবে পরিচিত কয়েক জায়গায় ফোন দিলাম, তাদের পরিচিত কেউ ইউনেস্কোতে কাজ করেন কিনা। কিন্তু সন্তোষজনক কোন উত্তর না পাওয়ায় গুগল ঘেঁটে ইউনেস্কোর ফোন নম্বর সংগ্রহ করলাম।
ইউনেস্কো'র লোকাল অফিসে ফোন দিলে অটোমেটিক সিস্টেমে জানিয়ে দিল তা বন্ধ আছে এবং ফোন নম্বর ও নাম জানিয়ে মেসেজ দিয়ে রাখতে যাতে পরবর্তিতে কেউ যোগাযোগ করতে পারে।
মঙ্গল শোভাযাত্রা নিয়ে লেখকের স্ট্যাটাসে একজনের বিরূপ মন্তব্য
তিনি আন্তরিকতার সাথে আমার পরিচয় নিশ্চিত হয়ে ফোন দেওয়ার কারণ জানতে চাইলেন ।
আমি বাংলাদেশের নাগরিক এবং ফ্রান্সে বসবাস করছি বলে মঙ্গল শোভাযাত্রাকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা’র খবরটির সত্যতা জানতে চাইলাম।
তিনি ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করলেন, “বিষয়টি অনেক স্পর্শকাতর তাই আপনি কী করেন? সাংবাদিক ?
জানালাম, আমি সাধারণ একজন নাগরিক এবং মাঝেমধ্যে নিউজ পোর্টালে লেখালেখি করি।
তিনি আমাকে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে মেইল করতে বললেন।ফিরতি মেসেজে সত্যতা জানিয়ে দিবেন।
আমি তাকে জিজ্ঞাসা করলাম, কতক্ষণ পরে উত্তর পেতে পারি। তখন সে জানালো মেসেজ পেলে খুব দ্রুত উত্তর পাবেন।
আমি তখন মরীয়া, “আর কোন উপায় আছে কিনা যদি দ্রুততম সময়ে নিশ্চিত হওয়া যায়?”
মিস আজিউয়ানু নামের কর্মকর্তাটি এবার আমার ফোন নম্বর এবং নাম চেয়ে বললেন আমি বিস্তারিত জেনে কিছুক্ষণের মধ্যে জানাব।
আমি আমার ফোন নম্বর ও বিস্তারিত জানিয়ে একটা উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি আর ভাবছি গতবার পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন নিয়ে ‘পাকিস্তানি প্রেতাত্মা’দের ফেইসবুকে আমাকে আক্রমণ করার ঘটনা।
এই তো, গত পহেলা বৈশাখেই মঙ্গল শোভাযাত্রা ও পান্তা ইলিশের ছবি দিয়ে দেশবাসীর মঙ্গল কামনা করে নতুন বছরকে বরণ করার জন্য ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম।
কিন্তু সেই স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে স্বাধীনতা বিরোধীদের একদল (তাদের কেউ কেউ সরাসরি জামাত-শিবিরের সদস্য) ‘ভারতের দালাল ও নব্য রাজাকার’ বলে গালি দিয়েছিল আর ফেইসবুকের ইনবক্সে ভরে গিয়েছিল অশ্লীল গালাগালি ও বিশেষ হুমকিতে!
এছাড়া ফেইসবুকে প্রগতিশীল ও সমমনা বন্ধুদের স্ট্যাটাসের বিভিন্ন কমেন্টে স্বাধীনতা বিরোধীদের হুমকি-ধামকি ও গালাগালি হরহামেশায়ই দেখা যায়।
প্রায় আধঘন্টা পরে মিস আজিউয়ানু ফিরতি কল করে ইউনেস্কো'র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ এর প্রধান মিসেস ইগলিসেস এর নাম ও ফোন নাম্বার দিলেন এবং তিনি উগান্ডাতে ইউনেস্কোর অফিসে বসেন বলে জানালেন।কারণ ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’- এর প্রধান অফিস সেখানে অবস্থিত।
তারপর বিদায় বেলায় তাদেরকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ দিতেও ভুললেন না। আমি তার সহযোগিতার জন্য আন্তরিক মোবারকবাদ ও সুন্দর দিন কামনা করে বিদায় দিলাম।
ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ এর প্রধানের নাম ও ফোন নাম্বার জোগাড় করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ফোন দিলাম।
কিন্তু তারা ইতোমধ্যে ইউনেস্কোর প্রেস রিলিজ পেয়েছেন বলে জানালেন। তাই সেখানে ইউনেস্কো সদরদপ্তরে আর ফোন দেওয়ার প্রয়োজন পড়েনি।
দেশের যেকোনো অর্জনে একজন নাগরিক হওয়ায় দূর প্রবাসের ভূমিতে গর্বিত হই। তাই তো বিদেশি বন্ধুদের কাছে সুযোগ বুঝে অযাচিত ভূমিকায় সেটা বলতেও আমাদের ভুল হয়না।
বাঙালির ভাষা ও তার সংস্কৃতির যে অমূল্য ভূমিকা বিশ্ব দরবারে আলোচিত ও উন্মোচিত হচ্ছে তার জন্য দেশের প্রতিটি নাগরিকের গর্বিত হওয়া উচিৎ।
দেশ বিরোধী অপশক্তি হাজার বছর ধরে লালিত বাঙালির ইতিহাস ও সংস্কৃতিকে ‘হিন্দুর সংস্কৃতি ও ধর্ম বিরোধী’ বলে আখ্যায়িত করার যে অপপ্রয়াস চালাচ্ছিলো ইউনেস্কোর এই ঘোষণা তার দাঁতভাঙা জবাব!
বিশ্বের দরবারে বাঙালির ইতিহাস ও সংস্কৃতির শুরু হলো মঙ্গল শোভাযাত্রা । ধন্যবাদ ইউনেস্কো, অভিনন্দন প্রিয় বাংলাদেশ।
লেখক: ফ্রান্স অভিবাসী
ইমেইল: m.tara006@yahoo.com
