সিঙ্গাপুরে বাংলাদেশিদের সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর মতবিনিময়
সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশ হাই কমিশনে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
শনিবার দুই ঘন্টার মতবিনিময় সভায় মন্ত্রী ভবিষ্যতে সিঙ্গাপুরে যাতে আরও বেশি বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময়ের সময় সিঙ্গাপুরের বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি রসূল গ্রুপের র্কণধার আব্দুর রহিম দাবি করেন, গত কয়েক মাসে বাংলাদেশি শ্রমিকদের করা ভিসা অবেদনের ৬০% বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, ভারত , ফিলিপাইন ও মিয়ানমারের শ্রমিকদের ভিসা আবেদন প্রক্রিয়া দুই দিনের মধ্যে শেষ হচ্ছে। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে নূন্যতম ১৪ দিন থেকে দুই-তিন মাসও সময় লাগছে।
সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি গ্রিনল্যান্ড হিউম্যান রির্সোসের কর্ণধার জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘দেশের কিছু ট্রেনিং সেন্টারগুলো দেওয়া জাল সনদের কারণে সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের সুনাম নষ্ট হচ্ছে।আর সরকার নির্ধারিত ১৪টি রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং প্রক্রিয়া শেষ করতে দেরি করছে।’
পিআইএল শিপিং লাইনের জহিরুল ইসলাম জানান, প্রায় পাঁচ হাজার নাবিক তাদের কোম্পানিতে কর্মরত হলেও অনেক আগ্রহী বাংলাদেশি ভিসা জটিলতার কারণে আসতে পারছেন না।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাহিদুজ্জামান মন্ত্রীকে অনুরোধ করেন যেসব রিক্রুটিং এজেন্সি ৭-৮ লাখ টাকা নিয়ে শ্রমিক পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি গৃহকর্মী হিসেবে আসতে ইচ্ছুক নারীদেরকে বিশেষ ভাবে ট্রেনিং দিয়ে সিঙ্গাপুরে পাঠানোর অনুরোধ করেন।
সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনার মাহবুব উজ জামান বলেন, ‘সিঙ্গাপুরে প্রবাসীদের সমস্যা সমাধানে হাই কমিশন চেষ্টা করে যাচ্ছে। তবে যারা এখানে কাজ করছেন আপনাদের সবাইকে এখানকার নিয়ম মেনে চলতে হবে তাহলেই আর কোন সমস্যাই থাকবে না।’
ধাপে ধাপে সিঙ্গাপুরে বিদ্যমান সমস্যাগুলোও সমাধান করার কথা বলেন। তিনি আরও বলেন, “সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রী লিম সোয়ে সাইয়ের সাথে খুব ভালো আলোচনা হয়েছে, তিনি বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী আনার আগ্রহ জানিয়েছেন।’
নুরুল ইসলাম বিএসসি জানান, সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ থেকে নার্স, গৃহকর্মী ও হোটেলকর্মী নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। দেশটির নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প ও সেবা খাতে আরও কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শামছুন নাহার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. নিজাম উদ্দিন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আকরাম হোসেন, মন্ত্রীর একান্ত সচিব মো. মোহসিন চৌধুরী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শফিকুল ইসলাম, কাউন্সিলর আয়শা সিদ্দিকা শেলী, কাউন্সিলর নাজিম উদ দৌলা, কাউন্সিরর সাব্বির আহমেদ।
আরও উপস্থিত ছিলেন, সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের সাধারণ সম্পাদক মো: নাসিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর কান্ট্রি ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী, এসবিএসের সহ সভাপতি নুরুল করিম, সামাজ কল্যাণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
