২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বাংলাদেশিদের ঈদ

সিঙ্গাপুরে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মো. আল আমিন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:11 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

প্রবাসী বাংলাদেশিদের জন্য  মজলিস উম্মা ইসলাম সিঙ্গাপুর  এবং সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ৮টি মসজিদে  ঈদের জামাতের ব্যাবস্থা করে।

এছাড়া সারা সিঙ্গাপুরে ৭০টির মতো মসজিদে  ঈদের নামাজ পড়েছেন প্রায় দুই লক্ষের মতো মুসলমান।

 প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় জামাত হয় সেরাঙ্গুনের আঙ্গুলিয়া মসজিদে ও তেবান গার্ডেনের হাসানাহ মসজিদে।

এছাড়াও প্রবাসীরা ঈদের জামাতে অংশ নেন তামাং জুড়ংয়ের আশিকিরিন মসজিদ, অ্যাডমিরাল টির আসসাইয়াফা মসজিদ, কমনওয়েলথ এভিনিউ ওয়েস্টের দারুস সালাম মসজিদ, জালান ইউনূসের দারুল আমান মসজিদ, গেলাংয়ের হাজী মোহাম্মদ সালেহ মসজিদ ও খাদিজা মসজিদে।

তেবান গার্ডেনের হাসানাহ মসজিদে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের নামাজ পড়েন সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনার মাহবুব উজ জামান। নামাজের শুরুতে হাই কমিশনার বলেন, ‘আজ পবিত্র ঈদের দিন, কিন্তু আজ আমরা যারা প্রবাসে ঈদ উদযাপন করছি আমাদের সকলের পরিবারই বাংলাদেশে।’

তিনি আরও বলেন, “আপনাদের পাঠানো রেমিটেন্সের কারণেই আজ আমাদের দেশের বৈদাশিক রিজার্ভ বাড়ছে।”

তিনি সবাইকে সিঙ্গাপুরের নিয়ম কানুনের ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করেন এবং সবার সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন,  “এবছর ৮ মসজিদে  এবং ৬ টি ডরমেটরিতে আমরা বাংলায় নামাজের ব্যাবস্থা করেছি।”

হাসানাহ মসজিদ কমিটির বাংলাদেশি সদস্য কেএম রুহুল আমিন বলেন, “হাজারও বাংলাদেশিদের সঙ্গে নামাজ পড়ে মনে হচ্ছে দেশেই ঈদ করছি।”

প্রবাসী জুবায়েদ মিয়া বলেন, "বিদেশে ঈদ আর কি? নামাজ পড়লাম এখন বাসায় যাইয়া ঘুমাই আগামীকাল সকালে আবার কাজে যাইতে হইবো। দেশে থাকলে তো পরিবারের সবার সাথে থাকতাম, বন্ধুদের সাথে ঘুরতাম কিন্তু এখানে তার সময় নাই।"

ঈদ উপলক্ষে সিঙ্গাপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com