সিঙ্গাপুরে গাইলেন আইয়ুব বাচ্চু
‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছেন আইয়ুব বাচ্চু।
শনিবার পলিটেকনিক কনভেনশন সেন্টারে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাহিদুজ্জামান।
তিনি এক এক করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রী, রাশেদ খান মেনন ও বিশেষ অতিথি, একই মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান এবং রিজেন্ট এয়ারলাইন্সের সিইও অশিষ রায় চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন।
রাশেদ খান মেনন শুরুতেই উপস্থিত সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এই মাসটি হচ্ছে ভাষার মাস। পৃথিবীতে একমাত্র জাতি আমরা যারা ভাষার জন্য রক্ত দিয়েছি।”
মন্ত্রী প্রবাসীদের কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা, রাঙ্গামাটি আর হাওড়- বাওড় ঘুরে দেখার আমন্ত্রণ জানান। তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত পযর্টন বর্ষ ২০১৬ সফল করতে প্রবাসীদের সহযোগিতা চান। তিনি প্রবাসীদের বিদেশি বন্ধুদেরও বাংলাদেশে ঘুরে দেখানোর অনুরোধ জানান।
সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান সবাইকে ফাগুনের শুভেচ্ছা জানান। এসবিএস সভাপতি মো. সাহিদুজ্জামান উপস্থিত অতিথি বৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসে বসেও আমরা চেষ্টা করছি যেন আমাদের দেশের শিল্প সংস্কৃতি ভুলে না যাই।”
এরপর একে একে গান শোনান পাওয়ার ভয়েসের সজল, বাউল সফি মন্ডল, নাচ পরিবেশন করেন বাঁধনে এবং নায়লা নাইম। আলী রাজ ও টুম্পা রহমানের জাদুর ‘ম্যাজিক’ দেখান উপস্থিত হাজারও দশর্ক।
সবশেষে মঞ্চে আসেন অনুষ্ঠানের ‘আকর্ষণ’ ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, অভিলাসী আমি, মন চাইলে মন পাবে, সেই তুমি কেন এত অচেনা হলেসহ তার গান ও গিটারের নৈপুণ্যে মাতিয়ে তুলেন দশর্কদের। অনেক দশর্ককে আইয়ুব বাচ্চুর সঙ্গে কন্ঠ মেলাতে দেখা যায়।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
