সিঙ্গাপুরে বিজয় দিবস পালিত
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনে জাতীয় পতাকা উত্তোলন, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার সকালে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করেন হাই কমিশনার মাহবুব উজ্জ জামান। পতাকা উত্তোলন শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করা হয়।
দেশের সুখ, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাহিদুজ্জামান, সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, বাংলা ইউনিভার্সাল সোসাইটির সভাপতি রণজিৎ চন্দ্র সাহা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী, হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর খাজা মিয়া, কাউন্সিলর সামিয়া হালিম, নাজিম-উদ-দৌলা, মো. ফারুক হোসেন, আয়শা সিদ্দিকা শেলী, সাব্বির আহমেদ, আয়শা হকসহ সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন বাংলাদেশি সংগঠনের প্রতিনিধিরা।
সন্ধ্যায় শুরু হয় দ্বিতীয় পর্বের আয়োজন। প্রথমে আলোচনা সভা আর পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সভার শুরুতেই বিজয় দিবস উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
হাই কমিশনার মাহবুব-উজ্জ-জামান ১৯৭১-এ দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জাতির বিজয়ের যে আকাঙ্খা, তা পূরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।তিনি জানান, মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
