সিঙ্গাপুরে বাংলা কবিতা
সিঙ্গাপুরের ‘রাইটার্স ফেস্টিভাল’এ অভিবাসী কবিরা শোনালেন বাংলা কবিতা।
সিঙ্গাপুরের ‘রাইটার্স ফেস্টিভাল’ উপলক্ষে উৎসব কমিটি সেদেশে বসবাসরত অভিবাসীদের সাহিত্য চর্চার বিষয়টি তুলে আনার উদ্যোগ নেয়। আর এরই ধারাবাহিকতায় এবছর তারা আমন্ত্রণ জানায় অভিবাসী একদল বাঙালি কবিকে।
রোববার ‘দ্য জাপান ফাউন্ডেশন’ এ আলো আঁধারির ‘দ্য আর্ট হাউজ’ সিলনায়তনে সিঙ্গাপুর লিটেরারি সেন্টারের প্রতিষ্ঠাতা কবি এলভিন পাং শুভেচ্ছা জানান আগতদের।
সৈয়্দুর রহমান লিটন আবৃত্তি করেন ‘এক খণ্ড জমি ও নিউক্লিয়াস’ আর কাজী শিহাব উদ্দিন লিটন উপস্থিতদের পড়ে শুনিয়েছেন তার ‘এই প্রবাসে’ কবিতা। আর মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর কবিতার শিরোনাম ছিল ‘কষ্টের জল ছবি’।
প্রতিটি কবিতা আবৃতির সময় হলভর্তি দর্শকের চোখ ছিল প্রজেক্টরে, কারণ তাতে বিদেশি দর্শকদের জন্য ছিল কবিতার ইংরেজি অনুবাদ।
কবিতা পাঠ শেষে প্যানেল আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়েছেন সিঙ্গাপুরে প্রবাসীদের একটি বাংলা পত্রিকার সম্পাদক এ কে এম মোহসীন এবং শিবাজী দাশ।
আলোচনার সঞ্চালক ছিলেন এলভিন পাং। এ কে এম মোহসীন তার পত্রিকার মাধ্যমে প্রবাসীদের সাহিত্য চর্চার কথা তুলে ধরেন। শিবাজি দাশ বলেন, ‘বাংলা সাহিত্য বিষয়ে আরও বেশি কাজ করা দরকার।’
এরপর দর্শকদের সঙ্গে কবিদের উম্মুক্ত আলোচনা হয়।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
