২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বশীল অর্থায়নের জন্যই আমরা বারবার পুরস্কৃত হচ্ছি: আতিউর

‘সেন্ট্রাল ব্যাংক গভর্নর অব দ্য ইয়ার, এশিয়া ২০১৫’ পুরস্কার পাওয়া আতিউর রহমান বলেছেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব দায়িত্বশীল অর্থায়নের জন্যই আমরা বারবার পুরস্কৃত হচ্ছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মোঃ আল আমিন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 11:29 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

পুরনো খবর:

পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে: গভর্নর

বুধবার সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে একটি আর্ন্তজাতিক সম্মেলন ‘সিবস ২০১৫ সিঙ্গাপুর’এ বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।পেরুর লিমায় বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভা শেষে তিনি সিঙ্গাপুরে আসেন।

লিমায় লন্ডনভিত্তিক বাণিজ্য সাময়িকী ইমার্জিং মার্কেটস ‘সেন্ট্রাল ব্যাংক গভর্নর অব দ্য ইয়ার, এশিয়া ২০১৫’ পুরস্কার আতিউর রহমানের হাতে তুলে দেয়। ইমার্জিং মার্কেটস ব্যবস্থাপনা সম্পাদক টবি ফিল্ডসের হাত থেকে পুরস্কার নেওয়ার পর গভর্নর এটি বাংলাদেশের জনগণ, উদ্যোক্তা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেন।

বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “এশিয়ার গভর্নর অব দ্য ইয়ার পুরস্কার শুধু আমার নয়, এই পুরস্কার বাংলাদেশের।এই পুরস্কার আমাদের ব্যাংকিং সেক্টরে কর্মরত সবার।আমরা গত ৬ বছর যাবত একটি নীতিতে আমাদের ব্যাংকিং সেক্টর পরিচালনা করেছি যার মূল লক্ষ্য ছিল, যারা ব্যাংকে আসতে পারে না তাদের কাছে ব্যাংকিং ব্যবস্থা পৌঁছে দেওয়া, কৃষক পর্যায়ে ব্যাংক নিয়ে যাওয়া।”

আতিউর রহমান আরও বলেন, “অন্যান্য দেশের অর্থনীতি যখন খুব দ্রুত ওঠানামা করছে সেখানে আমরা আমাদের টাকার মান ধরে রাখতে সক্ষম হয়েছি। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব দায়িত্বশীল অর্থায়নের জন্যই আমরা বারবার পুরস্কৃত হচ্ছি।  

“ম্যাক্রো নীতিমালার জন্য আমাদের বৈদেশিক মুদ্রার রির্জাভ বৃদ্ধি পেয়েছে, যাতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি।”

তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “অল্পকিছু লাভের আশায় হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না। কেননা হুন্ডির মাধ্যমে পাঠানো টাকা দেশের অনেক বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। হুন্ডির টাকা অবৈধ অস্ত্র, মাদক ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।তাই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠান।”

তিনি জানান, প্রবাসীরা যাতে বৈধ পথে টাকা পাঠাতে পারেন সেজন্য এখন অনেক দেশেই বাংলাদেশের  ব্যাংকগুলো বিদেশে এক্সচেঞ্জ হাউজ খুলেছেন।

‘সেন্ট্রাল ব্যাংক গভর্নর অব দ্য ইয়ার, এশিয়া ২০১৫’ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর  আতিউর রহমানের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনার মাহবুব উজ জামান, সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের জাহাঙ্গীর আলম জনি, সিঙ্গাপুরের, এক্সচেঞ্জ হাউজ, অগ্রণী ব্যাংকের কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, ন্যাশনাল ব্যাংকের মোহাম্মদ আক্তারুজ্জামান, প্রাইম ব্যাংকের গোলাম মোস্তফা এবং ইসলামী ব্যাংকের আশরাফ ইমাম।

চলতি বছরের জানুয়ারিতে লন্ডনভিত্তিক প্রভাবশালী পত্রিকা দি ফাইন্যান্সিয়াল টাইমসের ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আতিউর রহমানকে ২০১৫ সালের ‘সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার’ ঘোষণা করে।

আর ২০১৪ সালে ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান গুসি ফাউন্ডেশন আতিউর রহমানকে ‘গরিবের অর্থনীতিবিদ’অভিহিত করে সম্মাননা জানায়। 

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com