২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালন  

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ আগস্ট সিঙ্গাপুরের ৫০তম স্বাধীনতা বার্ষিকী পালিত হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মোঃ আল আমিন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 06:21 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

সিঙ্গাপুর ১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ৫৫ লাখ অধিবাসীর এই দ্বীপরাষ্ট্রটি  বিশ্বের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত।   

স্বাধীনতার অর্ধশতক পূর্তি উপলক্ষ্যে এবারের আয়োজন ছিলো ভিন্ন। গত কয়েকমাস ধরে বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠান ও অর্ধশত বছরের ইতিহাস জনগণের সামনে তুলে ধরে সিঙ্গাপুর সরকার।

এর মধ্যে ছিল, বিভিন্ন স্কুল কলেজে সরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেরিনা বে এলাকায় সাতদিনব্যাপী কনসার্ট, বোটানিক্যাল গার্ডেনে সঙ্গীত অনুষ্ঠান, সিঙ্গাপুর স্পোর্টস হাবের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সেন্টোসা সমুদ্র সৈকতে কনসার্ট, জাতীয় জাদুঘরে বিনা মূল্যে প্রবেশের সুযোগ, সিঙ্গাপুর বিমানবাহিনীর বিশেষ কসরত, ২০টি যুদ্ধ বিমানের মাধ্যমে ৫০ লেখা এবং পুরো সিঙ্গাপুর জুড়ে উড়ে চলা, জাতীয় দিবস উপলক্ষে সামরিক ও আধাসামরিক এবং অসামরিক নাগরিকদের যৌথ কুচকাওয়াজ।

অন্যতম আকর্ষণীয় ও বড় আয়োজন ছিল মেরিনা বে স্যান্ডসে আতশবাজির উৎসব। সন্ধ্যা থেকে শুরু হয় আতশবাজির উৎসব। কিছুক্ষণের বিরতি দিয়ে কয়েক দফা চলে এই আতশবাজির প্রদর্শনী।

দুপুরের পর থেকে সিঙ্গাপুরবাসীরা মিলিত হয় মেরিনা বেতে। বিভিন্ন জনগোষ্ঠী ও বহু জাতীয়তার মানুষের বসবাস এই দেশে। আর তাই স্বাধীনতা দিবসের উৎসবেও অংশগ্রহণ করেন বিভিন্ন জাতীয়তার মানুষ। এতে বাংলাদেশিরাও যোগ দেন। 

সিঙ্গাপুরের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বাঙালি সামাজিক সংগঠনেও আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবাইকে ট্রেন ও বাসে চলাচল করতে দেওয়া হয় বিনামূল্যে। এছাড়া বিভিন্ন বিনোদন কেন্দ্র শিশুপার্ক, বিজ্ঞান জদুঘর ছিল সবার জন্য উন্মুক্ত।

এছাড়াও এইদিনটিকে ঘিরে এদেশের শপিং মলগুলোতে ক্রেতাদের জন্য দেওয়া হয় বিশেষ ছাড়।

৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের জন্য সিঙ্গাপুরে সরকার শুক্রবার অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করে।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com